গাজীপুরের টঙ্গীতে তিন শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক লম্পটের বিরুদ্ধে। এ ঘটনায় ধর্ষক জসিম উদ্দিনকে (৫৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার রাতে টঙ্গীর বনমালা এলাকা থেকে তাকে আটক করা হয়। ধর্ষণের শিকার শিশুদের বয়স যথাক্রমে ৮, ৬ ও ৪ বছর। এদের মধ্যে একই পরিবারের দুইজন ও অন্য পরিবারের এক শিশু রয়েছে। অভিযুক্ত জসিম উদ্দিন বরিশাল জেলার কর্ণকাঠি গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে। সে বনমালা টেকপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে মুদি ব্যবসা করে আসছে।
ধর্ষিতার পরিবার সূত্রে জানা যায়, টাকার লোভ দেখিয়ে গত সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন দুপুরে একে একে তিন শিশুকে বনমালা এলাকার ভাড়া বাড়ির একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে লম্পট জসিম। তবে বৃহস্পতিবার ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করলে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা অভিযুক্ত জসিমকে আটক করে পুলিশে খবর দেয়। এ ঘটনায় ধর্ষিত তিন শিশুকে হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।
