এক রাতে ৩ বাড়িতে ডাকাতি!

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১২:৪৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আবারো একরাতে ৩ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে উপজেলার সালমদী নয়াপাড়া, নরেংদী ও মনোহরদী গ্রামে ডাকাতির এসব ঘটনা ঘটে। এতে দুজন আহত হয়েছেন। লুট হয়েছে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ কয়েক লাখ টাকার মালামাল।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও গৃহকর্তা সূত্র জানায়, রাত আড়াইটার দিকে ১০-১৫ জনের মুখোশ পরা ডাকাত দল সালমদী নয়াপাড়া গ্রামের বেসরকারি চাকরিজীবী রিপনের বাড়িতে দরজা ভেঙে ভেতরে ঢুকে তার মা সেতেরা বেগমকে পিটিয়ে গলায় ছুরি ধরে নগদ ৩ লাখ টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার লুটে নয়।

অন্যদিকে ১০-১২ জনের অন্য একটি ডাকাত দল একই রাতে ব্রাক্ষন্দী ইউনিয়নের নরেংদী গ্রামে নুর আলম সিকদারের বাড়িতে হানা দিয়ে তার স্বজন হোসনাকে পিটিয়ে নগদ ১০ হাজার টাকা ও ১ ভরি স্বর্ণ ছিনিয়ে নেয়।

পরে ডাকাত দল মনোহরদী বাজারের সংলগ্ন অটো চালক মাসকুরের বাড়িতে হানা দিয়ে নগদ ৩০ হাজার টাকা ও ১ ভরি স্বর্ণ নিয়ে যায়।

আড়াইহাজার থানার ওসি আহসান উল্লাহ বিষয়টি খতিয়ে দেখা ও তদন্তের আশ্বাস দিয়েছেন।

প্রসঙ্গত, গত রবিবার রাতেও নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৩ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

ইত্তেফাক/এইচএ