তানজিদের ওপর ভরসা রাখতে বললেন শান্ত

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ১৩:৩৬

চলমান বিশ্বকাপে দুইটি ম্যাচ খেলে ফেলেছে বাংলাদেশ। তবে এই দুইটি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দেখা যায়নি কোনো খেলোয়াড়কে আসতে। আফগানিস্তানের বিপক্ষে এসেছিলেন টাইগার হেড কোচ চণ্ডিকা হাথুরুসিংহে এবং ইংল্যান্ডের ম্যাচের আগে এসেছিলেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ। তবে অবশেষে কোচদের আসার পালা শেষ হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগারদের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

চলমান আসরে এখন পর্যন্ত দুই ম্যাচের একটিতে জিতেছে বাংলাদেশ। সেমিফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই। যে কাজটা সহজ হয়ে যেতে পারে দুই ওপেনারের থেকে পাওয়ার প্লেতে ভালো শুরু পাওয়া। তবে তারা না পারায় এ নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছে। মূলপর্বের খেলার আগে প্রথম প্রস্তুতি ম্যাচে ওপেনাররা আশা দেখিয়েছিলেন ইতিবাচক কিছুরই। কিন্তু দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ থেকে বিশ্বকাপের মূল পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে হতাশায় ডুবিয়েছে ওপেনিং জুটি। বিশেষ করে তরুণ ওপেনার তানজিদ তামিম থেকে প্রত্যাশা অনুযায়ী পায়নি দল। তবে গতকাল সন্ধ্যায় ম্যাচ-পূর্ব অনুশীলনে নামার আগে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এসে শান্ত জানান ওপেনিং নিয়ে চিন্তা না করতে। এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘আমার মনে হয় এই ওপেনিং নিয়ে আমরা আর চিন্তাই না করি। মানে এই চিন্তাটাই বাদ দিয়ে দেই। আমার মনে হয় যারাই টপ-অর্ডারে ব্যাটিং করছে, সবাই খুব ভালোমতো প্রস্তুতি নিয়ে এসেছে। একটা-দুইটা ভালো ইনিংস ওই ব্যাটারের আত্মবিশ্বাস আসবে। কেউই এখানে এমন না যে ফুরফুরে মেজাজে আছে বা দলের জন্য চেষ্টা করছে না। সবাই চেষ্টা করছে। আশা করছি আগামী ম্যাচ থেকে টপ-অর্ডারেও ভালো কিছু হবে।’

এসময় তানজিদ তামিমের ওপর ভরসা রাখতে বলে তিনি বলেন, ‘পাঁচ-ছয়টা ম্যাচই খেলেছে, কিন্তু প্রতিটা খেলোয়াড়েরই মানিয়ে নিতে একটু সময় লাগে। কারো একটু বেশি, কারো একটু কম। তবে সবার ভরসা রাখা উচিত তার ওপরে। সবাই একটু সাপোর্ট করি তাকে বিশ্বাস করি। কারণ এইখানে যেই কয়জন খেলোয়াড় এসেছে সবারই সামর্থ্য রয়েছে দলের হয়ে ভালো কিছু করার জন্য।’

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে হতাশার হার শুরুতে বোলিং এ ব্যর্থ হওয়ার পর ব্যাটাররাও নিজেদের সামর্থ্যের জানান দিতে পারেনি। ভারতের বেশির ভাগ উইকেটেই বড় স্কোর হয় এমন পরিস্থিতিতে নিয়মিত যদি ব্যাটাররা ব্যর্থ হতে থাকে তাহলে চলমান আসরে সুবিধে করতে পারবে না বাংলাদেশ। তবে শান্ত জানান বড় স্কোর করার জন্য পরিকল্পনা করছেন তারা। বলেন, ‘আমাদের আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল। কিন্তু দুইটা ম্যাচ হয়েছে মাত্র, প্রথম ম্যাচটা আমার মনে হয় যে বোলাররা এবং ব্যাটাররা ভালো ভাবে শেষ করেছেন। সামনের ম্যাচগুলোতে আমরা ব্যাটাররা কীভাবে বড় স্কোর করব—সেটা নিয়ে কাজ করব। ইতিমধ্যে এটি নিয়ে আমাদের পরিকল্পনা হয়েছে।’  এক পর্যায়ে আগের সব কিছু ভুলে নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো ফল তুলে নিয়ে আসরের বাকি ম্যাচগুলোতে নজর দিতে চান তারা। বলেন ‘প্রত্যেকটা ম্যাচেই জেতাটা জরুরি, এবং সব ম্যাচই গুরুত্বপূর্ণ আমার মনে হয়। তাই এখনই সেমিফাইনাল নিয়ে ভাবাটা দরকারি নয়। কারণ আমরা একটা একটা করে যেতে চাই। কালকের ম্যাচটা (আজকের) যদি ভালোভাবে শেষ করতে পারি তাহলে আমাদের যেই লক্ষ্যটা রয়েছে তাতে আমরা ভালোভাবে এগোতে পারব।’

ইত্তেফাক/জেডএইচ