আসন্ন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. শাহজাহান আলম সাজুকে সমর্থন জানিয়েছেন রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা উপ-কমিটির সদস্য ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী।
ডা. আশীষ তার নিজ বাড়িতে আয়োজিত এক বৈঠকে নির্বাচনী যোদ্ধা ও নেতাকর্মীদের আওয়ামী মনোনীত প্রার্থী শাহজাহান আলম সাজুকে আসন্ন উপনির্বাচনে অকুণ্ঠ সমর্থন দেয়ার আহ্বান জানান। সেই সঙ্গে তিনি সরাইল-আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া-২) আসনে নৌকা প্রতীক মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি আশা করেন যে দীর্ঘদিন পর নৌকা মনোনীত প্রার্থী এই আসনে জয়লাভ করলে এই অঞ্চলের পিছিয়ে থাকা উন্নয়ন কার্যক্রম আরও বেগবান হবে।
ডা. আশীষের নেতৃত্বে ওই বৈঠকে আরও উপস্থিত ছিলেন সুদীপ দত্ত তনু, সম্মিলিত সাংস্কৃতিক জোট- ব্রাহ্মণবাড়িয়ার মহাসচিব সঞ্জীব ভট্টাচার্য্য ও সরাইল উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদ-সরাইলের সাধারন সম্পাদক নারায়ণ চক্রবর্তী, জহিরুল ইসলাম রিপন, মো. আবুল হোসেন, সোহেল মেম্বারসহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মী। তারা সবাই ডা. আশীষের নির্দেশে নৌকা মনোনীত প্রার্থীর জন্য মাঠে কাজ করার অঙ্গীকার করেন।
