এবার রাজশাহীতে ট্রাক ও বাসের প্রতিযোগিতার শিকার হয়ে ফিরোজ সরকার (২৫) নামে এক কলেজছাত্রের ডান হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে কাটাখালী পৌরসভার সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ফিরোজ বগুড়ার নন্দীগ্রামের মাহফুজুর রহমানের ছেলে। তিনি রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। বর্তমানে তাকে রামেক হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে। ফিরোজের নানা নুরুল ইসলাম বলেন, নন্দীগ্রাম থেকে রাজশাহী আসছিল ফিরোজ। নাটোরে ঐ বাসে আমিও উঠি। বাসটির সামনের দিকের সিটের জানালার পাশে ফিরোজ ও পাশের সিটে বসি আমি। পথে রাজশাহীর কাটাখালী পৌরসভার সামনে পৌঁছলে একটি ট্রাক বাসকে টপকে যাওয়ার সময় গতি বাড়ায়। এ সময় বাসের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগলে কনুই থেকে আলাদা হয়ে যায় ফিরোজের হাত।
রামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ রফিকুল ইসলাম বলেন, ট্রাকটি রাজশাহী থেকে পুঠিয়ার বানেশ্বরের দিকে যাচ্ছিল। বাসকে টক্কর দিয়ে সামনে যাওয়ার জন্য ট্রাকের গতি বাড়ায় চালক। এতে বাসের সঙ্গে ট্রাকের ঘষা লাগলে চাপা পড়ে বাসে থাকা ফিরোজের হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। উল্লেখ্য, গত বছরের ৩ এপ্রিল রাজধানীতে বেপরোয়া গতির একটি বাসে থাকা এক কলেজ শিক্ষার্থী আরেক বাসের সঙ্গে ধাক্কা খেয়ে নিজের হাত হারিয়েছিল।
