'লজ্জার' রেকর্ড লিটনের 

আপডেট : ১৩ অক্টোবর ২০২৩, ২০:১১

আজ (শুক্রবার) লিটন দাসে জন্মদিন। তবে নিজের জন্মদিন রাঙাতে পারেননি এই টাইগার ওপেনার। জন্মদিনে শূন্য রানে আউট হয়েছেন লিটন। বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বল ফেস করেন লিটন দাস। ট্রেন্ট বোল্টের লেগ সাইডের উপরে করা বল ফ্লিক করেন। ফাইন লেগে দাঁড়িয়ে থাকা ম্যাট হেনরি কাছে ধরা পড়েন তিনি। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যেতে হয় এই ব্যাটারকে।

সাম্প্রতিক সময়টা ভালো যাচ্ছিল না লিটনের। তবে ইংল্যান্ডের বিপক্ষে দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেছিলেন। কিন্তু আজকের ম্যাচে ষষ্ঠ ব্যাটার হিসাবে গোল্ডেন ডাকের লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছেন লিটন।

১৯৯২ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের প্রথম বলে আউট হয়েছিলেন নিউজিল্যান্ডের ব্যাটার জন রাইট। বাংলাদেশের হয়ে প্রথম এই রেকর্ড গড়েছিলেন হান্নান সরকার। ২০০৩ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে লজ্জার এই রেকর্ডে নাম লেখান তিনি।

২০১১ সালের বিশ্বকাপে জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর কানাডার বিপক্ষে ম্যাচে প্রথম বলে আউট হন। সবশেষ ২০১৯ বিশ্বকাপে ম্যাচের প্রথম বলে আউট হন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও শ্রীলঙ্কার দিমুথ করুনারত্নে। 

ইত্তেফাক/ওএফ/জেডএইচ