বরগুনার ঘটনার তিন দিনের মাথায় নারায়ণগঞ্জে স্ত্রী ববির সামনে শাহীন (৪২) নামের এক রং মিস্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সন্ত্রাসীরা। তবে এলাকাবাসীর সহায়তায় প্রাণে বেঁচে গেছেন শাহীন। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বন্দরের বক্তারকান্দিতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাসিক ২৪ নম্বর ওয়ার্ডের বক্তারকান্দি এলাকার মৃত লাল চাঁন মিয়ার ছেলে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বল্টু আমজাদ, তাঁর ছেলে আপন, হূদয় ও ভাগিনা শফিক মিলে একই এলাকার গিয়াস উদ্দিনের ছেলে রং মিস্ত্রী শাহীনকে রাস্তায় একা পেয়ে গালিগালাজ শুরু করে। সংবাদ পেয়ে শাহীনের স্ত্রী ববিও রাস্তায় চলে আসেন। এ সময় সন্ত্রাসীরা স্ত্রীর সামনেই শাহীনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এক পর্যায়ে ঘটনাস্থলে থাকা এলাকাবাসী সন্ত্রাসীদের বাধা দেয়। পরে শাহীনকে উদ্ধার করে দ্রুত নারায়ণগঞ্জ তিনশ শয্যা হাসপাতালে পাঠানো হয়। সংবাদ পেয়ে বন্দর থানার দারোগা মোহাম্মদ আলী ঘটনাস্থলে আসেন এবং সন্ত্রাসী বল্টু আমজাদের বইয়ের দোকান থেকে ২টি এস এস পাইপ উদ্ধার করেন। ঘটনার পর থেকে বল্টু আমজাদ ও তার ছেলেরা পলাতক রয়েছে।
এলাকাবাসী জানান, বল্টু আমজাদ রং মিস্ত্রী শাহীনের বিয়েতে উকিল বাবা হয়। এর সূত্র ধরে সে শাহীনের বাসায় আসা যাওয়া করত। এক পর্যায়ে ববিকে যৌন হয়রানির অভিযোগে বল্টু আমজাদের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা হয়। এ মামলায় সে কয়েকদিন জেল খাটে। এর জের ধরে সে ও তাঁর ছেলেরা শাহীনকে হত্যার চেষ্টা করতে পারে।
এ ব্যাপারে বন্দর থানার ওসি রফিকুল ইসলাম জানান, সন্ত্রাসী আমজাদসহ তাঁর ছেলেদের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিদের ধরতে পুলিশ মাঠে নেমেছে।
প্রসঙ্গত, গত বুধবার বরগুনায় স্ত্রীর সামনে প্রকাশ্যে স্বামী রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। সম্প্রতি রূপগঞ্জে দিনদুপুরে নারী ইউপি সদস্য বিউটিকে কুপিয়ে হত্যা করা হয়। এছাড়া গত বৃহস্পতিবার সোনারগাঁয়ে সন্ত্রাসীরা ধারালো চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ব্যবসায়ী রাসেলকে।
