কুশনার আমাকে আড়ালে রেখে কূটনৈতিক তত্পরতা চালাতেন

আপডেট : ২৯ জুন ২০১৯, ০০:২০

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন জানিয়েছেন, তার আড়ালে কূটনৈতিক তত্পরতা চালাতেন ট্রাম্পের জামাতা জারেড কুশনার। এ কারণে তার কাজ করা কঠিন হয়ে পড়েছিল। গত মাসে হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির শুনানিতে তিনি এ কথা বলেন। শুনানির একটি লিখিত প্রতিলিপি পাওয়ার দাবি করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বলেছে, কুশনারের কর্মকান্ডে হতাশ ছিলেন টিলারসন। প্রায়ই তার মনে হতো, কুশনার একজন ছায়া পররাষ্ট্রমন্ত্রী এবং অনেক গুরুত্বপূর্ণ পররাষ্ট্র নীতির ইস্যুতে তার আড়ালে কাজ করছেন। টিলারসন বলেন, যুক্তরাষ্ট্র-সৌদি আরব সম্পর্ক নিয়ে কুশনার একটি সমন্বিত কৌশল প্রণয়ন করেছিলেন। আমাকে এই প্রক্রিয়া সম্পর্কে একেবারে শেষ মুহূর্তে জানানো হয়। প্রসঙ্গত, গত বছরের মার্চে টিলারসনকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করেন ট্রাম্প।