দেশভাগ এবং কাশ্মির সমস্যার জন্য ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুকে দায়ী করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল পার্লামেন্টে কংগ্রেসকে নিশানা করে তিনি বলেন, কংগ্রেসের জন্যই কাশ্মিরের এক তৃতীয়াংশ মানুষ আমাদের সঙ্গে নেই। জম্মু-কাশ্মিরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদবৃদ্ধি সংক্রান্ত বিল শুক্রবার লোকসভায় পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই বিল নিয়ে বিতর্ক হয় লোকসভায়। অমিত শাহ এদিন বলেন, দেশভাগ নিয়ে প্রশ্ন তুলেছেন মণীশ তিওয়ারি। আমি তাকে একটা প্রশ্ন করতে চাই। দেশভাগের জন্য কে দায়ী? জওহরলাল নেহেরুকে নিশানা করে অমিত বলেন, পাকিস্তান সেনাকে যখন কোণঠাসা করে ফেলেছে ভারত, তখনই যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন নেহেরু। এতে কংগ্রেস এমপিরা উত্তপ্ত হয়ে ওঠেন। কয়েকজন ওয়েলে নেমে এসে হইচইও শুরু করেন। -আনন্দবাজার পত্রিকা
