অবশেষে দুঃখ প্রকাশ করলেন লিটন

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ১২:৪৪

বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে পুনেতে অবস্থান করেছে বাংলাদেশ দল। মাঠে নামার আগে টিম হোটেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন ওপেনার লিটন কুমার দাস। 

রোববার (১৫ অক্টোবর) নিজেদের কাজে টিম হোটেলে হাজির হয়েছিলেন বাংলাদেশ থেকে বিশ্বকাপ কাভার করতে যাওয়া গণমাধ্যমকর্মীরা। তবে দূর থেকে ছবি তুলতে গেলে ডানহাতি ওপেনার বিরক্ত হয়ে ওঠেন। এরপর হোটেল ম্যানেজারের সঙ্গে কথা বলে সিকিউরিটিকে দিয়ে মিডিয়াকে বের করে দেন। যা বেশ আলোচনার জন্ম দেয়।

ঘটনার একদিন পর আজ (সোমবার) নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে দুঃখ প্রকাশ করেন লিটন। সেখানে তিনি লিখেন, 'গতকাল টিম হোটেলে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি বুঝতে পারিনি সেখানে এত গণমাধ্যমকর্মীদের অবস্থান ছিল। হুট করে ঘটে যাওয়া ঘটনার জন্য আমি দুঃখ প্রকাশ করছি।'

গণমাধ্যমের প্রতি তার পূর্ণ শ্রদ্ধা আছে এবং দলের এগিয়ে যাওয়ার পেছনেও সংবাদমাধ্যমের অবদান আছে বলে মনে করেন লিটন। এ বিষয়ে তিনি আরও বলেন, 'মিডিয়ার প্রতি আমি বরাবরই শ্রদ্ধাশীল। বাংলাদেশ এগিয়ে যাওয়ার পেছনে গণমাধ্যম কর্মীদের অবদান অনস্বীকার্য।'

ইত্তেফাক/ওএফ/জেডএইচ