দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু এরই মধ্যে সারাদেশ থেকে বিদায় নিয়েছে। সারাদেশে বৃষ্টিও একেবারে থেমে গেছে। আপাতত দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আগামী কয়েকদিন তাপমাত্রাও অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।
সোমবার (১৬ অক্টোবর) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী মঙ্গলবার ও বুধবারও আবহাওয়া পরিস্থিতি একই রকম থাকতে পারে বলেও জানিয়েছেন এ আবহাওয়াবিদ।
আবহাওয়া অধিদপ্তর বলছে, গতকাল রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে খুলনা ও মোংলায় ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ২১.০ ডিগ্রি সেলসিয়াস।
উল্লেখ্য, আজ (সোমবার) বাংলাদেশ সময় সকাল ৯টা ৩০ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ১৮৩ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে। একিউআই স্কোর ১০১ থেকে ২০০ হলে তা সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। দূষণের ৫ বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয়। সেগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।
