জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে এর পরে টানা দুই ম্যাচে হেরেছে সাকিব আল হাসানের দল। নিউজিল্যান্ডের বিপক্ষে রাচিন রবীন্দ্রের বলে সিঙ্গেল নিতে গিয়ে বাঁ পাশের উরুতে চোট পান সাকিব। ১৯ অক্টোবর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচে সাকিবের খেলা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।
সোমবার (১৫ অক্টোবর) ভারতের পুনের টিম হোটেলে দুপুরে গণমাধ্যমের মুখোমুখি হন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সেখানে অধিনায়ক সাকিবের সর্বশেষ তথ্য জানিয়েছেন তিনি। ম্যাচের আগে আবারো স্ক্যান রিপোর্ট দেখে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সুজন। তিনি বলেন, 'সাকিব এই ম্যাচ খেলে বড় ইনজুরিতে পড়ুক, সেটা চাই না। তবে আরও একবার স্ক্যান করে সিদ্ধান্ত নেওয়া হবে।'
এর আগে গত শুক্রবার চেন্নাইয়ের চিদাম্বারাম স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। শুরুতে উইকেট হারায় টাইগারা। দলের হাল ধরতে ক্রিজে আছেন অধিনায়ক সাকিব। তবে রাচিন রবীন্দ্রের বলে সিঙ্গেল নিতে গিয়ে বাঁ পাশের উরুতে চোট পান তিনি। তাৎক্ষণিক মাঠে খানিকটা সেবা প্রদান করেন ফিজিও। পরে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে সোজা গিয়েছিলেন হাসপাতালে।
