ব্যাট হাতে নিজেকে যেন হারিয়ে খুঁজছে লিটন দাস। এরই মাঝে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে টিম হোটেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন তিনি। পরে অবশ্য দুঃখও প্রকাশ করেছেন লিটন।
ওয়ানডেতে লিটন দাসের ব্যাটে রানের খরা। বিশ্বকাপের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ১৮ বলে ১৩ রান। ইংল্যান্ডের বিপক্ষে ৬৬ বলে ৭৬ রান আশা জাগিয়েছিল। তবে পরের ম্যাচেই জন্মদিনের দিন নিউজিল্যান্ডের বিপক্ষে গোল্ডেন ডাক মেরে বিদায় নেন লিটন।
লিটনের ব্যাটে আবার কবে সেঞ্চুরির দেখা মিলবে? এমন প্রশ্নের উত্তরে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেন, 'আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটা আপনাদের কাছেও আছে। আপনারাও জানেন লিটন ক্লাস প্লেয়ার। অবশ্যই ও যে মানের খেলোয়াড় সেভাবে সে ধারাবাহিক হচ্ছে না। একটা ম্যাচে রান করার পর সে পরের ম্যাচে রান করতে অনেক সময় নিচ্ছে।'
তিনি আরও বলেন, 'সে অনেক চেষ্টা করছে, আমি মনে করি লিটনের মধ্যে সেই ক্ষমতা আছে যে পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করতে পারে। কিন্তু হচ্ছে না, ধরেন শেষ ম্যাচেও ইংল্যান্ডের সঙ্গে সে ৭৬ রান করে আউট হল, ২১ ওভারের সময় আউট হয়েছে আরও ২৯ ওভার বাকি ছিল। ওই সময় ব্যাটিং করলে ওর দুইশো করার সামর্থ্য ছিল। শেষ ম্যাচে সে যখন খেলল তখন কঠিন ছিল, সে প্রথম বলে আউট হয়ে গিয়েছে।'
