প্রবাসীর মা, স্ত্রী ও সন্তানকে অচেতন করে স্বর্ণাংকার ও টাকা লুট

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ২২:৩৪

সিরাজগঞ্জের কামারখন্দে মালয়েশিয়া প্রবাসীর মা, স্ত্রী ও সন্তানকে অচেতন করে স্বর্ণাংকার ও টাকা নিয়ে গেছে দৃর্বৃত্তরা। রোববার (১৬ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, রোববার রাতের খাওয়া শেষে যার যার কক্ষে ঘুমাতে যায় মালয়েশিয়া প্রবাসী মুকুলের মা ফুলমতি বেগম, স্ত্রী শহীদা বেগম ও সন্তান সোহাগ। পরে মধ্য রাতে নেশা অবস্থায় শহীদা প্রতিবেশী চাচী শ্বাশুড়ি রোজিনা বেগমকে ডেকে আনেন।  

প্রতিবেশী চাচি শ্বাশুড়ি রোজিনা বেগম বলেন, আমাকে মধ্য রাতে শহীদা ডেকে আনলে তাদের বাড়িতে এসে দেখি ফুলমতি বেগম ও সোহাগ অচেতন অবস্থায় পড়ে আছে। এ সময় দেখা যায়, ফুলমতির গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল ও হাতের বালা নেই। পরে খোঁজাখুঁজি করে দেখা যায়, শহীদার ঘরের স্টিলের আলমারী ভেঙে সেখানে থাকা স্বর্ণের আরও দুটি চেইন ও নগদ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। পরে সোমবার সকালে তাদের তিন জনকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। কিছুদিন আগেও এ বাড়ি থেকে ৩টি মোবাইল ফোন চুরি হয়েছে বলে জেনেছি। 

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে কামারখন্দ থানার ওসি মোহা. রেজাউল ইসলাম জানান, প্রবাসীর মা, স্ত্রী ও সন্তানকে অচেতন করে স্বর্ণাংকার লুট করা ব্যাপারে থানায় কেউ আসেনি। তবে এ ব্যাপারে ঘটনাস্থলে যাওয়া হবে।

ইত্তেফাক/পিও