সম্পর্কের রজতজয়ন্তী

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১১:৫২

ক্যারিয়ারে প্রথম পরিচালিত ‘কুছ কুছ হোতা হ্যায়’ দিয়ে বাজিমাত করেন প্রযোজক ও পরিচালক করণ জোহর। সিনেমাটিতে বর্তমান সময়ে বক্স অফিস দাঁপিয়ে বেড়ানো শাহরুখ খানের সঙ্গে জুটি বাঁধেন অভিনেত্রী কাজল ও রানি মুখার্জি। সে সময় সিনেমাটি ব্যবসাসফলের পাশাপাশি এই তিন তারকার অভিনয়ও দারুণ প্রশংসিত হয়।

এরপর একাধিক সিনেমায় জুটি বেঁধেছেন তারা। তবে এর মাঝে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সেই সিনেমাটির কথা ভুলতে পারেননি শাহরুখ-রানিরা! চলতি বছরে ২৫ বছরে পা দিয়েছে ‘কুছ কুছ হোতা হ্যায়’। এ উপলক্ষে বেশ কিছু প্রেক্ষাগৃহে প্রদর্শিতও হয় সিনেমাটি। এমনকি সিনেমাটির প্রদর্শনী উপলক্ষে এক প্রেক্ষাগৃহে উপস্থিত হন করণ, শাহরুখ ও রানি। এ সময় উপস্থিত সাংবাদিকদের নানা প্রশ্নের মুখোমুখি হতে হয় তাদের।

২৫ বছর আগের এই সিনেমাটির রিমেক করার চিন্তা আছে কি-না?—এমন প্রশ্নে করণ জোহর বলেন, ‘আমার মনে হয়, কুছ কুছ হোতা হ্যায় সিনেমায় রাহুল, টিনা আর অঞ্জলির চরিত্রে শাহরুখ, রানি ও কাজল ছাড়া অন্য কাউকে কেউ ভাবতেও পারি না। তবে যদি আমাকে এখনকার প্রজন্মের নিরিখে ভাবতে হয় তাহলে অঞ্জলির চরিত্রে আলিয়া ভাটকে ভালো মানাবে। টিনার জন্য আমি বেছে নেবো জাহ্নবি কাপুর বা অনন্যা পান্ডেকে। রাহুলকে কাস্ট করা খুব কঠিন। তবে যদি করতেই হয়, তাহলে রণবীর সিংহকে কাস্ট করবো।’ করণের এমন কথা রীতিমতো সমালোচনার তোপে পড়েছেন করণ!

ইত্তেফাক/এএম