বন্দুকধারীদের হামলায় পরিত্যক্ত বেলজিয়াম-সুইডেন ম্যাচ 

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ১৪:২৬

২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে মুখোমুখি হয়েছিল বেলজিয়াম ও সুইডেন। তবে বন্দুকধারীদের হামলার কারণে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ফুটবলার ও দর্শকদের নিরাপত্তার কথা মাথায় রেখে খেলা পরিত্যক্ত ঘোষণা করে আয়োজকরা।

সোমবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় রাতে বেলজিয়ামের ব্রাসেলসের কিং বাদয়োইন স্টেডিয়ামে সুইডেনকে আতিথ্য দিয়েছিল বেলজিয়াম। ম্যাচের প্রথমার্ধ শেষে ১-১ গোলে সমতায় থেকে বিরতিতে যায় দু'দল। এমন সময় জানা যায়, দুষ্কৃতকারীদের গুলিতে দুই সুইডিশ নাগরিক নিহত হয়েছেন। তাতে খেলা পরিত্যক্ত ঘোষণা করে আয়োজকরা।

 

এ নিয়ে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার ওয়েবসাইটে বিবৃতিতে বলা হয়, ‘সোমবার সন্ধ্যায় ব্রাসেলসে সন্দেহভাজন সন্ত্রাসী হামলার পর দুই দল এবং স্থানীয় পুলিশ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বেলজিয়াম ও সুইডেনের মধ্যকার বাছাইপর্বের ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হলো।’

বিবিসি জানিয়েছে, ম্যাচের কয়েক ঘণ্টা আগে গুলি করে দুই সুইডিশ নাগরিককে হত্যা করে বন্দুকধারীরা। ব্রাসেলসের বুলেভার্দ ডি’ইয়প্রে গুলি করে এই হত্যার ঘটনা ঘটে। সেখান থেকে প্রায় ৩ মাইল দূরেই কিং বাদয়োইন স্টেডিয়াম খেলতে নেমেছিল বেলজিয়াম ও সুইডেন।

ইত্তেফাক/জেডএইচ