আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে সাকিবকে

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৪:৫৫

বিশ্বকাপে সর্বশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে মাংশপেশিতে চোট পেয়েছিলেন বাংলাদেশর অধিনায়ক সাকিব আল হাসান। মাঠ থেকে সরাসরি গিয়েছিলেন হাসপাতালে। ইনজুরির কারণে ভারতের বিপক্ষে বাংলাদেশের অধিনায়কের খেলা নিয়ে রয়েছে শঙ্কা। তবে মঙ্গলবার (১৭ অক্টোবর) দলের সঙ্গে অনুশীলনও করেন তিনি, যেখানে ব্যাট হাতে ঝড় তুলতে দেখা যায় তারকা এই অলরাউন্ডারকে। 

বুধবার (১৮ অক্টোবর) স্ক্যান করাতে আবারও হাসপাতালে নেওয়া হচ্ছে সাকিবকে। রোহিত শর্মাদের বিপক্ষে মাঠে নামার আগে টাইগারদের আজ ঐচ্ছিক অনুশীলন। সেই অনুশীলনে যোগ নাও দিতে পারেন তিনি।

এর আগে, সাকিবের ইনজুরি নিয়ে কথা বলেছিলেন খালেদ মাহমুদ সুজন। তিনি বলেছিলেন, 'শেষ ম্যাচে রান নিতে গিয়েই ব্যাথা পেয়েছিল। সাকিব চাচ্ছে খেলতে। কিন্তু সেটা নির্ভর করছে ওর ফিটনেসের উপর, শতভাগ ফিট কী না সেটির ওপর।'

তিনি আরও বলেছিলেন, 'এখনও বিশ্বকাপের ছয়টি ম্যাচ বাকি আছে। আমরা চাই না একটা ম্যাচ খেলেই সাকিব ছিটকে পড়ুক। ডাক্তার, ফিজিওদের ব্যাপারও এখানে রয়েছে। সাকিবও তার ব্যাপারটা বুঝবে। আমরা চাই না যে সাকিব ভারতের বিপক্ষে খেলে লম্বা সময়ের জন্য বিপদে পড়ুক। যদিও ফিজিও, চিকিৎসকরা অনুমতি দেয় তাহলে অবশ্যই খেলবে। আর যদি সাকিবকে ছাড়া আমাদের খেলতে হয় তাহলে আমরা সেটিই করবো।'

ইত্তেফাক/ওএফ/জেডএইচ