উবারে খাবার ডেলিভারি করা ক্রিকেটার এখন বিশ্বকাপে ‘ইতিহাসের নায়ক’

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ১৫:১৭

পল ফন মিকিরেন, এই ২০২০ সালেও একটি টুইটে লিখেছিলেন, “খেলা চালিয়ে যাওয়াই উচিত ছিল। এখন আমি শীতের সময়টায় টিকে থাকতে উবার ইটসে ডেলিভারির কাজ করছি। ভাবতে অবাক লাগে, কীভাবে সময় বদলায়”।

তিনি লিখেছেন, সবসময় হাসতে থাকবেন। এখন তিনি তার দেশের ক্রিকেট দলের জয়ে ভূমিকা রেখে ইতিহাস গড়ছেন।

ক্রিকেট বিষয়ক জনপ্রিয় পোর্টাল ইএসপিএন ক্রিকইনফো তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরনো টুইটটা শেয়ার করে লিখেছে, “২০২০- খাবার ডেলিভারি করতেন। ২০২৩- ইতিহাস ডেলিভারি করছেন।”

মঙ্গলবার বিশ্বকাপের এক ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে নেদারল্যান্ডস। এর আগে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৩ রানের জয় পেয়েছিল নেদারল্যান্ডস।

তিন বছর আগে উবার ইটসে ডেলিভারির কাজ করা পল ফন মিকিরেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪০ রান দিয়ে দুটি উইকেট নিয়েছেন, প্রথম শিকার ফর্মে থাকা এইডেন মারক্রাম, দ্বিতীয় শিকার মার্কো ইয়ানসেন, দুটিই বোল্ড।

এবারে ওয়ানডে বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৮ রানের জয় পেয়েছে ইউরোপিয়ান ক্রিকেট দলটি।

দক্ষিণ আফ্রিকা এই প্রথম কোনও সহযোগী দেশের বিপক্ষে ওয়ানডে ম্যাচে হারের মুখ দেখলো।

আর নেদারল্যান্ডস ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটে তাদের তৃতীয় জয় পেয়েছে। এর আগে ২০০৩ সালে নামিবিয়া ও ২০০৭ সালে স্কটল্যান্ডকে হারিয়েছিল নেদারল্যান্ডস।

সূত্র: বিবিসি 

ইত্তেফাক/জেডএইচ