দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যু ১২০৬ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ২ হাজার ৪৯৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন মোট ৮ হাজার ২৯৯ জন ডেঙ্গু রোগী।
বুধবার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭৪ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২১ জন।
এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত বেড়ে দাঁড়ালো ২ লাখ ৪৭ হাজার ১৯৩ জন। এর মধ্যে ঢাকায় ৯৩ হাজার ৬৭৯ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৫১৪ জন।
আক্রান্তদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৩৭ হাজার ৬৮৮ জন।
উল্লেখ্য, স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায় চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে। গত বছর দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সর্বোচ্চ মৃত্যুর (২৮১ জন) রেকর্ড হয়েছিল। এ ছাড়া ২০১৯ সালে মৃত্যু হয়েছিল ১৭৯ জনের। ২০২০ সালে ৭ জন ও ২০২১ সালে ডেঙ্গুতে মৃত্যু হয় ১০৫ জনের।
