‌‘শেখ রাসেল বেঁচে থাকলে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত রাখতেন’

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ২০:০১

সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত বলেছেন, শেখ রাসেল বেঁচে থাকলে আজকে হয়তো তিনি বৈজ্ঞানিক, একজন রাষ্ট্রনায়ক, একজন যোগ্য রাজনৈতিক ব্যক্তি, চিকিৎসক অথবা একজন প্রকৌশলী হতে পারতেন। আসলে কি হতে পারতেন আমরা জানি না। তবে একটি কথা সত্য, শেখ রাসেল বেঁচে থাকলে দেশ ও জাতির সেবায় নিজেকে নিয়োজিত রাখতেন।

বুধবার (১৮ অক্টোবর) সকালে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা প্রশাসন আয়োজিত শেখ রাসেল দিবসে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি।

তিনি বলেন, আজকের দিনটি আমাদের জন্য আনন্দের, তেমনি বিষাদেরও। এর কারণ বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলকে মাত্র দশ বছর বয়সে আমাদের ছেড়ে চলে যেতে হয়েছে। তার মতো একটি নিষ্পাপ শিশু কি অপরাধ ছিল তার যে ঘাতকের বুলেটের আঘাতে ঝাঁঝরা হয়ে তাকে মৃত্যুবরণ করতে হবে। তার অপরাধই ছিল একটি। সেটি হল পাকবাহিনী ও তাদের দোসররা কখনও ভুলতে পারেনি ৭১ এ এই জাতিকে মুক্ত করার জন্য বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছিলেন এবং তাদের পরাজিত করেছিলেন।

হাবিবে মিল্লাত আরও বলেন, শেখ মুজিব ও তার পরিবারকে হত্যা করার সঙ্গে যারা জড়িত তাদের অনেকে দেশের বাইরে পালিয়ে আছে। তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হোক। সেই সঙ্গে হত্যাকানণ্ডের পেছনে যারা জড়িত তাদেরও বিচার করা হোক। কারণ হুকুমের আসামি না থাকলে কেউ অপরাধ করার সাহস পায় না। সুতরাং সেই জিয়াউর রহমান থেকে শুরু করে যারা জড়িত তাদের সবার বিচার দাবি করি।

সিরাজগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানার সভাপতিত্বে এই আলোচনায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শেখসহ আরও অনেকে।

ইত্তেফাক/পিও