বড় ভাইয়ের মৃত্যু সংবাদ শুনে ছোট ভাইয়ের মৃত্যু

আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ২১:১৬

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বড় ভাইয়ের মৃত্যুর খবর পাওয়ার দুই ঘণ্টার ব্যবধানে ছোট ভাইয়ের মৃত্যু ঘটেছে। 

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের লাঙ্গল শিমুল উজানপাড়া এলাকায় বড় ভাই গোলাম মোস্তফা (৬৫) ও ঢাকায় ছোট ভাই রমজান আলী (৫০) মারা যান। একই দিনে দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ইউপি সদস্য মনিরুজ্জামান পিনু বিষয়টি নিশ্চিত করে জানান, গোলাম মোস্তফা ব্রেইনস্ট্রোকসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। এ খবর শুনে ঢাকায় থাকা ছোট ভাই রমজান স্ট্রোক করেন। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

মৃতদের ভাতিজা বায়েজিদ আহমেদ জানান, মোস্তফা মৃত্যুকালে তিন ছেলে ও এক মেয়ে এবং রমজান স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। দুই জনেরই জানাজার নামাজ রাত ১১টায় নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

ইত্তেফাক/পিও