সাকিবের প্রসঙ্গে হাথুরু

‘ম্যাচের আগে অবস্থা দেখে সিদ্ধান্ত নেব’

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ০৯:৩২

চলমান ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ধর্মশালায় প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে হার, এরপর চেন্নাইয়ে এসে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নেমে বড় ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ডের বিপক্ষেও। এবারের ম্যাচ পুনেতে, প্রতিপক্ষ স্বাগতিক ভারত। সেমিফাইনালে যেতে হলে বৃহস্পতিবারের এই ম্যাচে জয় দিয়ে রাঙানো ছাড়া লাল-সবুজদের সামনে আপাতত আর কোনো সমীকরণ নেই। আর যদি হেরে যায়, তাহলে এই পর্বে যাওয়ার দৌড় থেকে বেশ দূরেই ছিটকে যাবে টাইগাররা।

এমন একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিশ্চিত নয় দলের সেরা অলরাউন্ডার ও অধিনায়ক সাকিব আল হাসানের খেলার বিষয়টি। এমনকি গতকাল যখন দল মাঠে এসেছে অনুশীলন করতে, সেই সময় অধিনায়ককে ছুটতে হয়েছে হাসপাতালে। সেখানে তিনি করতে গিয়েছিলেন স্ক্যান। এই রিপোর্টের ওপরই নির্ভর করবে তিনি ভারতের বিপক্ষে খেলবিন কি না, যা নিশ্চিত জানা যাবে ম্যাচ শুরুর আগে—এমনটি জানিয়েছেন বাংলাদেশ দলের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।

গতকাল পুনেতে স্থানী সময় বিকেল সাড়ে ৫টায় মিরাজ-মুশফিকদের শেষ বারের মতো অনুশীলন করার কথা থাকলেও এদিন ট্রাফিক জ্যামে আটকা পড়ে স্টেডিয়ামে এসে পৌঁছান ৬টা ২০ মিনিটে। এতে পিছিয়ে যায় বাংলাদেশের ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলন হওয়ার সময়ও। তাদের অপেক্ষায় বসে থাকেন গণমাধ্যমকর্মীরা। পরে স্টেডিয়ামে পৌঁছে তাড়াহুড়ো করে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আসেন টাইগার হেড কোচ।

এ সময় কথা বলেন সাকিবের বর্তমান চোট পরিস্থিতি নিয়ে। বলেন, ‘সাকিবের অবস্থা ভালো। গতকাল সে নেটে ভালো একটি ব্যাটিং সেশন কাটিয়েছে। রানিং বিটুউন দ্য উইকেটও ভালো ছিল। সে ঠিক আছে। আজ তার একটি স্ক্যান করানো হয়েছে। রিপোর্ট এখনো হাতে পাইনি। আমরা সেটার অপেক্ষায় আছি। সে অবশ্য অনুশীলনে বোলিং করেনি। বোলিংয়ে কোন অবস্থায় আছে তা দেখা হয়নি। আগামীকাল সকালে ম্যাচের আগে অবস্থা দেখে সিদ্ধান্ত নেব। যদি শতভাগ ফিট না থাকে, তাহলে কোনো ঝুঁকি আমরা নিচ্ছি না। ফিট থাকলে সে খেলবে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে বাঁ ঊরুর মাংসপেশিতে চোট পেয়ে ম্যাচ শেষে হাসপাতালে যান সাকিব আল হাসান। তবে গত পরশু দলের অনুশীলনে তাকে ফুরফুরে মেজাজে দেখা গিয়েছিল লম্বা সময় ধরে। ধারণা করা হচ্ছিল, অধিনায়ক সুস্থ হয়ে গেছেন এবং নামছেন কোনো সন্দেহ ছাড়াই। তবে তার খেলার বিষয়টি নিয়ে আরো নাটকীয়তা রাখলেন কোচ। এর পেছনে অবশ্য কারণও আছে। বিশ্বকাপে বাংলাদেশের এখনো ছয় ম্যাচ বাকি। ভারতের বিপক্ষে এই ম্যাচের পরও পাঁচ ম্যাচ থাকবে।

নিজেদের লক্ষ্য সেমিফাইনাল যেতে ঐ ম্যাচগুলোর দিকে তাকিয়ে আছে বাংলাদেশ, যেখানে সবগুলো ম্যাচ জিতলে সেমিফাইনাল খেলার সুযোগ থাকবে। তাই সাকিবের বিষয়টি গুরুত্বসহকারে দেখছেন জানিয়ে হাথুরু বলেন, ‘প্রথমত মেডিক্যাল বিভাগ তাদের মতামত জানাবে। তারা সবুজ কিংবা লাল সংকেত দেবে। খেলোয়াড় কোন অবস্থায় আছে সেই চিত্রটা তারাই দেবে। তারা যদি অনুভব করে ঝুঁকি নেই, তাহলে খেলোয়াড়ের মতামত জানতে চাওয়া হবে—সে খেলতে চাইছে, নাকি চাইছে না। এরপর কোচ ও খেলোয়াড় সিদ্ধান্ত নেবেন।’

তবে হাথুরু শুধু সাকিবকে নিয়ে চিন্তা করছেন না। তার চোখে-মুখে সেমিতে যাওয়ার স্বপ্ন এখনো জ্বলজ্বল করছে। তিনি মনে করেন, ভালো ক্রিকেট খেললে স্বাগতিকদের বিপক্ষে জয় পাওয়া যাবে। তবে শুধু এই ম্যাচ নয়, বাকি সব ম্যাচেই জয় পাওয়া সম্ভব বলে মনে করেন টাইগারদের হেডমাস্টার। বলেন, ‘আমার মনে হয় না আগামীকালের (বৃহস্পতিবারের) ম্যাচের সঙ্গে এসব খুব একটা সম্পৃক্ত। পুরোটা আগামীকালের ম্যাচের ব্যাপার। আমরা আসলে প্রতিটি ম্যাচে জেতার জন্যই অনুপ্রাণিত। গত দুই সপ্তাহে যা হয়েছে তা তো সব পরিষ্কার। আমরা এসব থেকে অনুপ্রাণিত। আমাদের হাতে ৬টা ম্যাচ আছে এখনো। আমরা মনে করি ৬টা ম্যাচেই জেতা সম্ভব।’

ইত্তেফাক/এএম