প্রায় সাত বছর পর গত ১৮ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ২৬তম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের এক মাস পেরিয়ে গেলেও কমিটি ঘোষণা করেনি কেন্দ্রীয় ছাত্রলীগ। তাই 'শেষ হইয়াও হইল না শেষ' অবস্থায় আছেন পদ-প্রত্যাশী নেতারা।
শাখা সম্মেলনের দ্বিতীয় অধিবেশনের আগে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন। এরপর এক মাস ধরে নেতৃত্ব শূন্য ছাত্রলীগের গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক ইউনিট।
এর আগে, ২০২২ সালের ১৪ মার্চ শাখা ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে ছাত্রলীগের তৎকালীন সভাপতি আল নাহিয়ান খান জয় বলেছিলেন, রাবি ছাত্রলীগের বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দীর্ঘদিন নেতৃত্ব দিচ্ছেন। তারাও নতুনদের হাতে নেতৃত্ব তুলে দিতে চান। আমরা এখানে ঘোষণা দিচ্ছি, আগামী ঈদের পর সম্মেলন ঘোষণা করা হবে। নতুন নেতৃত্বকে অগ্রিম অভিনন্দন।
সাবেক এই সভাপতির বক্তব্য তিনি বাস্তবায়ন করে যেতে পারেননি। এর ১ বছর ৮ মাস পর গত ১৮ সেপ্টেম্বর রাবি ছাত্রলীগের শাখা সম্মেলন অনুষ্ঠিত হয়। বর্তমান কেন্দ্রীয় নেতৃবৃন্দ কমিটি ছাড়াই সম্মেলন শেষ করেন। এর এক মাস অতিবাহিত হলেও কমিটি নিয়ে কাজ চলমান বলে জানান কেন্দ্রীয় নেতারা।
২০১৬ সালের ৮ ডিসেম্বর রাবি ছাত্রলীগের ২৫তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের তৃতীয় দিন ১১ ডিসেম্বর গোলাম কিবরিয়াকে সভাপতি এবং ফয়সাল আহমেদ রুনুকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ। বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে খোঁজ নিয়ে জানা যায়, এর আগের কমিটিগুলো ঘোষণার ক্ষেত্রে সম্মেলনের পরদিন কিংবা রাতেই শীর্ষ নেতৃত্বদের নাম ঘোষণা হতো।
গত কমিটির দপ্তর সম্পাদক আবুল বাশার আহমেদ এ প্রসঙ্গে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মত এত বড় একটা সাংগঠনিক ইউনিটের গত এক মাস ধরে কমিটি বিহীন থাকাটা, যেকোন অনাকাঙ্ক্ষিত ঘটনা বা যেকোন দুর্ঘটনা ঘটার সম্ভাবনাকে প্রবল করছে।
রাবি ছাত্রলীগ খারাপ একটা সময় পার করছে উল্লেখ করে তিনি বলেন, রাবি ছাত্রলীগের ইতিহাসে এটি একটি বিরল ঘটনা। একজন সাবেক দপ্তর সম্পাদক হিসেবে যতটুকু জানি, ইতিপূর্বে সম্মেলনের পর কমিটি দেওয়ার ক্ষেত্রে এত সময় নেওয়া হয়নি। শীর্ষ নেতৃত্বের নাম প্রকাশ করতে এত সময় লাগারও কোনো যৌক্তিকতা নেই।
পদ-প্রত্যাশী নেতারা বলছেন, স্থানীয় আওয়ামী লীগ এবং কেন্দ্রীয় ছাত্রলীগের মধ্যে মতপার্থক্য থাকায় কমিটি ঘোষণা করতে দেরি হচ্ছে। সাংগঠনিক স্থবিরতা কাটানোর জন্য দ্রুত কমিটি ঘোষণা করা উচিত বলে দাবি করেন তারা। তবে একাধিক সূত্র জানিয়েছে, বিষয়টি সমাধান হয়ে গেছে; রাবি ছাত্রলীগের শীর্ষ নেতৃত্বের নাম ঘোষণা করার ক্ষেত্রে আর কোনো বাঁধা নেই।
সার্বিক বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, যেকোন সময় রাবি ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হবে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।

ইউজিসি ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সমন্বয়হীনতায় সংকট নিরসনে লাগছে বাড়তি সময়: উপাচার্য
সংবিধানের মূলনীতির সাক্ষী রাজশাহী বিশ্ববিদ্যালয় শহীদ মিনার