শান্তর বিদায়ের পর লিটনের ফিফটি 

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ১৬:২৭

বিশ্বকাপের চতুর্থ ম্যাচে স্বাগতিক ভারত বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ব্যাট করতে নেমে দলকে ভালো শুরু এনে দিয়েছেন লিটন দাস ও তানজিদ হাসান তামিম। এরপর দ্রুতই দুই উইকেট হারায় বাংলাদেশ। 

টস জিতে ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও লিটন দাস। ধীরগতির শুরু করেন এই দুই ব্যাটার। প্রথম ৫ ওভার সাবধানে পার করেন তারা।

এরপর রান তোলার গতি বাড়ান তামিম-লিটন। ভারতীয় বোলারদের কোনো সুযোগ না দিয়ে রানের চাকা সচল রাখেন তারা। মারমুখী ব্যাটিংয়ে ৪১ বলে অর্ধশতক পূর্ণ করেন তামিম। তবে এরপরেই সাজঘরে ফিরে যান এই ওপেনার। 

দলীয় ৯৩ রানে ৪৩ বলে ৫১ রান করে কুলদ্বীপ যাদবের বলে আউট হন তামিম। তার বিদায়ের পর ক্রিজে আসেন নাজমুল হাসান শান্ত। তবে সুবিধা করতে পারেননি তিনি।

দলীয় ১১০ রানে ১৭ বলে ৮ রান করে আউট হন শান্ত। এরই মাঝে ৬২ বলে অর্ধশতক পূর্ণ করেন লিটন। ২৩ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। 

ইত্তেফাক/জেডএইচ