কুমিল্লায় বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ২১:৫৪

কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, ঢাকা থেকে নোয়াখালীগামী একটি বাস একটি অটোরিকশাকে চাপা দিলে এর যাত্রী বারপাড়া গ্রামের রেনু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৭২), পুত্রবধু সুমাইয়া (২৫) এবং শ্যালিকা রুশিয়া (৬২) মারা যায়। তারা ওমরা হজ্জ্ব করতে যাওয়ার প্রাক্কালে একই উপজেলার ছান্দ্রা গ্রামের আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে গিয়েছিল। 

আহতদের গৌরীপুরে অবস্থিত দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ২ জনকে ঢাকায় পাঠানো হয়। ২ জনকে ভর্তি করা হয়। এবং বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবু সেলিম রেজা বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করেছে। এবং নিহতদের লাশ পুলিশ হেফাজতে রয়েছে।

ইত্তেফাক/পিও