স্বপ্ন’র ছোঁয়ায় আলোকিত মনোহরগঞ্জের বানঘর গ্রাম

আপডেট : ১৯ অক্টোবর ২০২৩, ২৩:১৬

সেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন’ (নতুন আলোয় বানঘর) এর ছোঁয়ায় আলোকিত কুমিল্লার মনোহরগঞ্জের বানঘর গ্রাম এখন একটি নান্দনিক গ্রামে পরিণত হয়েছে। ঐ গ্রামে সোলার প্যানেল, নলকুপ স্থাপন ও শিক্ষাবৃত্তি প্রদানসহ সংগঠনটির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পাল্টে দিয়েছে ঐ গ্রামের চিত্র। 

‘স্বপ্ন’ (নতুন আলোয় বানঘর) নামে সংগঠনটির একঝাঁক স্বপ্নবাজ যুবক ২০২১ সালে উপজেলার লক্ষণপুর ইউপি’র বানঘর গ্রামে অর্ধ শতাধিক সোলার ল্যাম্পপোস্ট স্থাপন করে নিজ গ্রামকে আলোকিত করার প্রচেষ্টা এলাকার মানুষের নজর কেড়েছে। গ্রামীণ সড়কের দু’পাশ, মসজিদ, স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে শোভা পেয়েছে ঐ সংগঠনের সোলার প্যানেলগুলো। গ্রামটি শতভাগ বিদ্যুতায়ীত হলেও বিদ্যুৎ চলে গেলে রাতের বেলায় সোলারের আলোয় আলোকিত থাকে সারা গ্রাম।

গ্রামকে আলোকিত করার এ নান্দনিক আয়োজন ছাড়াও এ সংগঠনের উদ্যোগে শিক্ষাবৃত্তি, বিনামূল্যে গাছের চারা বিতরণ, গরিব, অসহায়দের সহযোগীতা, ফ্রী মেডিকেল ক্যাম্প, শীতবস্ত্র বিতরন, পোনা মাছ অবমুক্তকরণ ও নলকুপ স্থাপনসহ নানা কার্যক্রমে এলাকায় ব্যাপক সাড়া জেগেছে। একের পর এক এমন উন্নয়নমূলক কর্মকান্ডে খুশি ঐ এলাকার মানুষ। গ্রাম ছাড়িয়ে সংগঠনটি এখন ঐ ইউনিয়নের বিভিন্ন এলাকায়ও তাদের সেবামূলক কার্যক্রম শুরু করেছে। 

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক আলাউদ্দিন পাটোয়ারী জানান, বানঘর গ্রামকে উপজেলায় একটি আদর্শ গ্রাম হিসেবে তুলে ধরাই হচ্ছে এ সংগঠনের উদ্দেশ্য। তিনি গ্রামের বিত্তবান, প্রবাসী ও তরুনদের সহযোগীতায় এ কাজ বাস্তবায়নের কথা জানান। আর্থ সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখার পাশাপাশি এ গ্রামের বেকার যুবকদের সাবলম্বী ও শিক্ষিত সমাজ গঠনে ভবিষ্যতে নানা পরিকল্পনা হাতে নেয়ার কথা জানান তিনি। বর্তমানে নিজ গ্রামের পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে এ সংগঠনের উদ্যোগে সেবামূলক কার্যক্রম চালু হওয়ার কথা জানান তিনি। 

সেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন’ (নতুন আলোয় বানঘর) এর পক্ষ থেকে স্থাপন করা নলকুপ

স্থানীয় ইউপি চেয়ারম্যান মহিন উদ্দিন এর সাথে এ বিষয়ে কথা হলে তিনি সরকারের উন্নয়ন কর্মকান্ডের পাশাপাশি সংগঠনটির ক্ষুদ্র প্রয়াস কে স্বাগত জানান। সোলার ল্যাম্পপোস্ট এর আলোয় সারারাত গ্রাম আলোকিত থাকায় গ্রামে চুরি, ডাকাতিসহ অনাকাংখিত কোন ঘটনা এড়াতে এটি সহায়ক ভূমিকা রাখার কথা জানান তিনি। সংগঠনটি বিভিন্ন সেবামূলক কর্মকান্ডে ভূমিকা রাখার জন্য কানাডা প্রবাসী আলাউদ্দিন পাটোয়ারীসহ সংগঠনের সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।

বিদ্যুৎ চলে গেলে রাতের বেলায় সোলারের আলোয় আলোকিত থাকে সারা গ্রাম।

উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলামের সাথে এ বিষয়ে কথা হলে তিনি গ্রামোন্নয়নে সোলার ল্যাম্পপোস্ট স্থাপনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান। সরকারিভাবে উপজেলার বিভিন্নস্থানে এ ধরনের কার্যক্রম চালু থাকলেও সংগঠনটির উদ্যেগে সোলার ল্যাম্পপোষ্ট, নলকূপ স্থাপন এতে নতুনমাত্রা যোগ হয়েছে। 

শোভা বর্ধনে গ্রামটিকে নান্দনিক আখ্যায়িত করে তিনি বলেন, রাতের বেলা এ গ্রামের ভিতরে প্রবেশ করলে মনে হয় গ্রামে যেন শহরের ছোঁয়া লেগেছে। তিনি আরো জানান সম্প্রতি বর্তমান সরকারের মানণীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক গ্রাম হবে শহর এমন ঘোষনার পর স্থানীয় সংসদ সদস্য ও স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়নে সারা দেশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

ইত্তেফাক/এএইচপি