কুড়িগ্রামের উলিপুরে পানির স্রোতে বিধ্বস্ত হয়েছে গিদারী নদীর ওপর নির্মিত সেতু। ফলে উপজেলার পান্ডুল ইউনিয়নের দুই পাশের ৯ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে ইউনিয়ন পরিষদের (ইউপি) উদ্যোগে জরুরি ভিত্তিতে বিকল্প রাস্তা তৈরির কাজ চলছে।
স্থানীয় বাসিন্দারা জানান, ১৯৬৯-এ কাগজীপাড়া গ্রামের ওপর দিয়ে প্রবাহিত গিদারী নদীর ওপর সেতুটি নির্মিত হয়। সেতুটিতে চলাচল করেন উপজেলার পান্ডুল ইউনিয়নের কাগজিপাড়া, আমভদ্রপাড়া, চাকলিরপাড়, জটিয়াপাড়া, সাতঘরিয়া পাড়া, কবিরাজপাড়া, বড়বাড়ি, চন্ডিজান, ঢেকিয়ারামসহ আশপাশের এলাকার প্রায় ১৫ হাজারেরও বেশি বাসিন্দা। বর্তমানে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নদীটির খনন কাজ শুরু করলে সেতুটির নিচের মাটি সরে গিয়ে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
শুক্রবার ভোরে সেতুটি বিধ্বস্ত হওয়ার পর থেকে যোগাযোগ বন্ধ হয়ে যায় দুই পাশের বাসিন্দাদের। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মাহমুদুর রহমানের নির্দেশে শুক্রবার সকাল থেকে পান্ডুল ইউনিয়ন পরিষদেও (ইউপি) উদ্যোগে বিকল্প রাস্তা তৈরির কাজ শুরু করা হয়েছে।
ওই ইউপির সদস্য আব্দুল মোত্তালেব ও জমির উদ্দিন জানান, ‘আমরা বিকল্প রাস্তা তৈরি কাজ করছি। দ্রুত ব্রিজটি নির্মাণ করা না হলে স্থানীয় মানুজজনকে ভোগান্তি পোহাতে হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ইউএনও) কাজী মাহমুদুর রহমান জানান, বিকল্প রাস্তা তৈরি করে জনগনের চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। দ্রুত ব্রিজ নির্মানের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেয়া হয়েছে।
