সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যেন নষ্ট করতে না পারে: অ্যাড. রুবেল

  • সারাদেশের যুব সমাজকে সজাগ থাকার নির্দেশ
আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ১৯:০৯

জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও জাতীয় যুব সংহতির সভাপতি অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কেউ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সেজন্য সারাদেশের যুব সমাজকে সজাগ ও সতর্ক থাকতে হবে। হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে তিনি দেশের হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিককে আন্তরিক শুভেচ্ছা জানান। শুক্রবার রাজধানীর কাকরাইলে জাতীয় যুবসংহতির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নেতাদের বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠক শেষে এনামুল ইসলাম রুবেল সারাদেশে জাতীয় যুব সংহতির নেতাকর্মীদের ৩২ হাজার ৪০৮ পূজা মণ্ডপ পাহারা দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দেন।  

কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন, ঢাকার সভাপতি এনামুল ইসলাম রুবেল বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি এখন সর্বজনীন উৎসব। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। 

তিনি বলেন, আবহমান কাল ধরে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ‘ধর্ম যার যার, উৎসব সবার’- এ মন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশে আমরা সব ধর্মীয় উৎসব একসঙ্গে পালন করি। আমাদের সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে। সকলে মিলে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। এই দেশ আমাদের সকলের। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করছে। দুর্গাপূজা উপলক্ষে তিনি হিন্দু ধর্মাবলম্বীসহ সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন। 

বৈঠকে আরও বক্তব্য রাখেন জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক মাহফুজ আলম, সহসভাপতি ব্যারিস্টার আলবার্ট বাড়ই, মনজুর এলাহী, দিবস তালুকদার, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ নাজমুল হুদা, প্রচার সম্পাদক মো. আল আমিন প্রমুখ।

ইত্তেফাক/এএএম