ওয়ার্নার-মার্শের এক জুটিতে একাধিক রেকর্ড

আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১২:০৮

চলমান বিশ্বকাপের ১৮তম ম্যাচে গতকাল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রানের ঝড় তুলেছিলেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। শুরুতে ব্যাট করতে নেমেই পাকিস্তানের বোলারদের এদিন ক্লাস নিয়েছিলেন অস্ট্রেলিয়ান এই দুই ওপেনার। গড়েছেন ২৫৯ রানের রেকর্ড জুটি। যা কিনা বিশ্বকাপে ওপেনিং জুটিতে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। অল্পের জন্য করতে পারেননি রেকর্ড। তবে এ জুটিতে এদিন হয়ে গিয়েছে একাধিক রেকর্ড।

শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ৩৬৭ রান করেছে অস্ট্রেলিয়া। তবে শেষদিকে নিয়মিত উইকেট না হারালে আর শুরুর মতো রানে ধারাবাহিকতা রাখতে পারলে এদিন রান ৪০০-এর ওপরেও যেতে পারত। তবে যা হয়েছে তাও কম নয়। যার পুরো কৃতিত্বই পাবে অসি ওপেনিং জুটির দুই ব্যাটার ওয়ার্নার ও মার্শ। দুজনই এদিন তুলে নিয়েছেন সেঞ্চুরি। আর তাতেই প্রথম বারের মতো বিশ্বকাপের কোনো ম্যাচে অস্ট্রেলিয়ার দুই ওপেনার সেঞ্চুরি পাওয়ার রেকর্ড হয়। 

এদিন মার্শ ১০৮ বলে ১২১ রান করে আউট হওয়ার আগে এই দুই ব্যাটার ২০৩ বলে গড়ের ২৫৯ রানের জুটি। তাতে হতাশ হতে হয় তাদের। কারণ বিশ্বকাপে সর্বোচ্চ উদ্বোধনী রেকর্ডটি সাবেক লঙ্কান ওপেনার তিলকরত্নে দিলশান ও উপুল থারাঙ্গার দখলে। ২০১১ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ২৮২ রান তুলেছিলেন তারা। সেই রেকর্ড ভাঙার খুব কাছেই ছিলেন ওয়ার্নার-মার্শ।

এদিকে অসি ওপেনার ওয়ার্নারের ব্যক্তিগত রেকর্ডও হয়েছে। এদিন সেঞ্চুরি করার মাধ্যমে তিনি ছুঁয়েছেন বিরাট কোহলিকে। পাকিস্তানের বিপক্ষে শুক্রবার ওয়ার্নার ১২৪ বলে ১৬৩ রানের ইনিংস খেলেন। এই ইনিংসের সৌজন্যে ১২ জনকে টপকে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার সাত নম্বরে উঠে এসেছেন ওয়ার্নার। এছাড়া বাবর আজমদের বিপক্ষে এটি তার চতুর্থ সেঞ্চুরি। ২০১৭ সাল থেকে ২০২৩ সময়ে তিনি এই সেঞ্চুরিগুলো করেন। এর আগে তিনি পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমে ১৩০, ১৭৯ ও ১০৭ রানের ইনিংস খেলেছিলেন। 

এর মধ্য দিয়ে বিরাট কোহলির রেকর্ড ছুঁলেন ওয়ার্নার। তার আগে কোহলি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টানা চারটি সেঞ্চুরি করেছিলেন। শুধু তাই নয়, বিশ্বকাপের মঞ্চে এটা ছিল ওয়ার্নারের পঞ্চম সেঞ্চুরি। এর মধ্য দিয়ে রিকি পন্টিং ও কুমার সাঙ্গাকারার রেকর্ড স্পর্শ করেন ওয়ার্নার। তাদের দুজনেরও পাঁচটি করে সেঞ্চুরি ছিল বিশ্বকাপে। তবে বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরির দিক দিয়ে ওয়ার্নার যৌথভাবে আছেন তৃতীয় স্থানে। ছয়টি সেঞ্চুরি নিয়ে তার সামনে আছেন শচীন টেন্ডুলকার। আর সাতটি সেঞ্চুরি নিয়ে রোহিত শর্মা আছেন সবার শীর্ষে। তবে এবারের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার আরও পাঁচটি ম্যাচ বাকি রয়েছে। ওয়ার্নার সবগুলো ম্যাচ খেলতে পারলে শচীনের রেকর্ড ছোঁয়ার পাশাপাশি তাকে ছাড়িয়েও যেতে পারেন হয়তো।

ইত্তেফাক/জেডএইচ