বিশ্বকাপে দারুণভাবে শুরু করেছে স্বাগতিক ভারত। অপরদিকে, ইংল্যান্ড বর্তমান চ্যাম্পিয়ন হলেও শুরুটা ভালো হয়নি। তবে ভারত ও ইংল্যান্ড ম্যাচ ঘিরে টিকিট কালোবাজারী হওয়ার কথা জানিয়েছেন ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
সাম্প্রতিক সময়ে রোমাঞ্চকর ক্রিকেট খেলে অভ্যস্ত ইংল্যান্ড। তার জন্য হয়ত ভারত ও ইংল্যান্ড ম্যাচের টিকিটের চাহিদা সে কারণেই সম্ভবত বেশি। ২৯ অক্টোবর লখনউর একানা ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। একানা স্টেডিয়ামের পূর্ব ও পশ্চিম প্রান্তের গ্যালারির টিকিটের স্বাভাবিক দাম ৪৯৯ রুপি। উত্তর দিকের করপোরেট বক্সের টিকিটের দাম ৪ হাজার রুপি। কিন্তু এ দুটি গ্যালারির টিকিট কালোবাজারে ৫ হাজার থেকে ৫০ হাজার রুপিতে বিক্রি হচ্ছে। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এত দামে টিকিট কিনতেও কুণ্ঠা করছেন না ক্রিকেটপ্রেমীরা।
ভারতের সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ভারত-ইংল্যান্ড ম্যাচের টিকিট কালোবাজারে ৫০ হাজার রুপিতে (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৬ হাজার ২১৮ টাকা) বিক্রি হচ্ছে।
উত্তর প্রদেশের পুলিশের বিশেষ ডিরেক্টর জেনারেল প্রশান্ত কুমার এ নিয়ে বলেন, 'রাজ্যের পুলিশ বিভাগের বিশেষ এজেন্সি ছাড়া লখনউ পুলিশও সামাজিক যোগাযোগমাধ্যমে সন্দেহজনক অ্যাকাউন্টে নজর রাখছে। লখনউর একানা স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচগুলোর টিকিট যেন কালোবাজারে বিক্রি করতে না পারে, সে জন্যই এই নজরদারি।'
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদককে আরেক সমর্থক, যিনি আবার ডিজিটাল মার্কেটিংয়ের বিশেষজ্ঞও—বলেছেন, ‘আমি যেকোনো দামে টিকিট কিনতে চাই। আপনার কাছে থাকলে দয়া করে আমাকে দিন। অনলাইনে টিকিট খোঁজার পাশাপাশি আমি প্রতিদিন সকালে একানা ক্রিকেট স্টেডিয়ামের কাউন্টারে খোঁজ নিই। আমাকে বলা হয়েছে, ম্যাচের কয়েক দিন আগে টিকিট পাওয়া যাবে।’
