দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল এখন মুম্বাইতে অবস্থান করছে। রোববার (২২ অক্টোবর) প্রথমবারের মতো মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে অনুশীলন করতে নেমেছে বাংলাদেশ দল।
স্থানীয় সময় দেড়টা থেকে অনুশীলন শুরু করে টাইগাররা। দলের মধ্যে চোট নিয়ে কিছুটা অস্বস্তি রয়েছে। শোল্ডার ব্যথায় ভুগছেন পেসার তাসকিন আহমেদ। এছাড়া ঊঁরুর চোট রয়েছে অধিনায়ক সাকিব আল হাসানের। তবে মুম্বাইতে দুইজনকে দেখা গিয়েছে ফুরফুরে মেজাজে।
সাকিব-তাসকিনরা এদিন শুরু করেন ফুটবল অনুশীলনের মাধ্যমে। এদিন শুরু থেকেই ব্যাটিং করতে দেখা গেছে লিটন দাস, শেখ মেহেদীকে। ফিল্ডিংয়ে ঝালিয়ে নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ-মুশফিকুর রহিমরা। তবে বল হাতে এখনো দেখা যায়নি তাসকিনকে। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকা ম্যাচে যে এই পেসার থাকছেন না সেটা অবশ্য বলাই যায়।
এদিকে সাকিবের চোটের বিষয়েও নিদিষ্ট তথ্য এখনও জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে আগামী ২৪ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে একাদশে ফিরতে পারেন টাইগার এই অধিনায়ক।
