সিরাজগঞ্জ শহরে সন্ত্রাসী হামলায় জেলা আওয়ামী যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আরিফুল ইসলাম শিপন (৪৫) গুরুতর আহত হয়েছে। শনিবার (২১ অক্টোবর) বিকালে শহরের বাহিরগোলা গুড়ের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
তাকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আহত শিপন জানায়, শনিবার (২১ অক্টোবর) বাহিরগোলা গুড়ের বাজার এলাকায় রাস্তার পাশে মটরসাইকেল রেখে দাঁড়িয়ে থাকার সময় সয়াগোবিন্দ ভাঙ্গাবাড়ি মহল্লার বারিক ও রুবেলসহ ৩ জন মটরসাইকেলটি ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ ঘটনায় কথা কাটাকাটি একপর্যায়ে তারা শিপনকে মারধর করতে থাকে। স্থানীয়রা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসার পর শিপনের ওপর আবারও চড়াও হয় উল্লেখিত ব্যক্তিরা। দ্বিতীয় দফায় ছুরিকাঘাতে বাম পা ও হাত এবং রডের আঘাতে শরিরের বিভিন্ন স্থানে গুরুতর যখম হয় তার। অবচেতন অবস্থায় ফেলে রেখে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে হাসপাতালে ভর্তি করে।
সিরাজগঞ্জ সদর থানার ওসি সিরাজুল ইসলাম জানায়, রাতেই অভিযান চালিয়ে সয়াগোবিন্দ ভাঙ্গাবাড়ি মহল্লার অভিযুক্ত পলাশকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
