চট্টগ্রামের মিরসরাইয়ে গ্রেপ্তার আতঙ্কে মায়ের জানাজা না পড়ে পালিয়েছেন উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন। সাদা পোশাকে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি জানাজার আগে চলে যান।
জানা গেছে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার রাতে উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিনের মা মাহমুদা খানম (৭৩) মারা যান। শনিবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১ টায় নিজ বাড়িতে তার জানাজার আয়োজন করা হয়। মায়ের জানাজার ২০ মিনিট আগে বাড়িতে উপস্থিত হন উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন। তার উপস্থিতির খবর পেয়ে জোরারগঞ্জ থানার বেশ কয়েকজন পুলিশ সদস্য সাদা পোশাকে অবস্থান নেন জানাজার মাঠে। জানাজার পর গ্রেপ্তার করা হতে পারে এমন আশঙ্কা থেকে গ্রেপ্তার এড়াতে মায়ের জানাজা না পড়েই স্থান ত্যাগ করেন গাজী নিজাম। এ সময় নেতা-কর্মীরা তাকে নিরাপত্তা দিয়ে এলাকা পাড় করে দেন।
মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, গাজী নিজাম উদ্দিন মায়ের জানাজা পড়তে উপস্থিত হওয়ার পর পুলিশ সাদা পোশাকে অবস্থান নিলে তিনি গ্রেপ্তার এড়াতে সটকে পড়তেন। আওয়ামী সরকারের পুলিশ বাহিনী এখন জানাজা পড়তেও বাধা দিচ্ছে আমাদের নেতা-কর্মীদের।
জোরারগঞ্জ থানার ওসি জাহিদ হোসেন বলেন, বিএনপি নেতার মায়ের জানাজার বিষয়টি আমার জানা ছিল না। ওটা শুনেছি রাতে। দুর্গাপূজা উপলক্ষে থানাজুড়ে পুলিশ সাদা পোশাকে ডিউটি করেছে। তিনি যেহেতু হত্যা মামলার আসামি হয়তো ভয় কাজ করেছে। তবে জানাজায় উপস্থিত থাকলে গ্রেপ্তারও হতে পারতেন। যেহেতু তিনি আসামি।
প্রসঙ্গত: গত ২৯ সেপ্টেম্বর মিরসরাই উপজেলার ওসমানপুর ইউনিয়নে বিএনপির-আওয়ামী লীগের সংঘর্ষে রায়হান হোসেন রুমন নামে এক কিশোর নিহতের ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর জোরারগঞ্জ থানায় হত্যা ও মারামারি পৃথক দুটি মামলায় গাজী নিজাম উদ্দিনকে আসামি করা হয়।
