হাথুরুবিহীন মুম্বাইয়ে টাইগারদের প্রথম অনুশীলন

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ০৫:৪০

চলমান বিশ্বকাপে বাংলাদেশে সেমিতে যাওয়ার পথ বর্তমানে বেশ কঠিন। সমীকরণ অনুসারে আসরের বাকি পাঁচ ম্যাচের পাঁচটিতেই জয় রাখতে হবে পরের রাউন্ডে যেতে হলে। সেই অনুসারী সাকিবদের পরবর্তী ম্যাচ দারুণ ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এই স্টেডিয়ামটি টাইগারদের জন্য খুব বেশি একটা পরিচিত নয়। এই ম্যাচের আগে এই মাঠে একবারই খেলেছিল বাংলাদেশ তা-ও আবার ১৯৯৮ সালে। এরপর আবার ২৫ বছর পর ওয়াংখেড়ে। আর এই খেলার আগে গতকাল প্রথম দিনের অনুশীলন সেরেছে লাল-সবুজরা। যেখানে অসুস্থ থাকায় উপস্থিত ছিলেন না দলের প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে। এছাড়া এদিন বাংলাদেশের নেটেও দেখা গিয়েছে এক নতুন মুখ।

সবশেষ বৃহস্পতিবার স্বাগতিকদের বিপক্ষে পুনেতে হারের পরদিনই বাস যোগে মুম্বাইয়ে পা রাখেন টাইগাররা। এরপর এক দিন বিরতি নিয়ে গতকাল অনুশীলন করতে নামে। তবে দলের সঙ্গে ছিলেন না টাইগার হেড কোচ। তার কারণ হিসেবে পরে জানা গেছে শহরটির অতিরিক্ত গরম চেপে বসেছে হাথুরুর ওপর। তাই তিনি হোটেলেই সময় কাটিয়েছেন। কোচের অসুস্থতার বিষয়ে বিষয়ে দলের ম্যানেজার রাবিদ ইমাম বলেন, ‘তেমন কিছু নয়। এখানকার অসহ্য গরমে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। পানিশূন্যতার কারণে খারাপ বোধ করায় আজ অনুশীলনেও আসেননি। হোটেলে বিশ্রাম নিচ্ছেন তিনি।’

তবে কোচ না থাকায় সাকিব-মুশফিকদের অনুশীলনে কোনো অসুবিধে হয়নি। হেড কোচের পরিবর্তে এদিন মাঠ চালিয়েছেন টিম কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম ও সহকারী কোচ নিক পোথাস। এসময় দলের সঙ্গে মাঠে দেখা গিয়েছে চোটের কারণে সবশেষ ম্যাচে না খেলা টাইগার অধিনায়ক সাকিব আল হাসানকে। কয়েক দফায় নেটে ব্যাটিং অনুশীলন করতে দেখা যায় তাকে। মাঠে নামার আগে ফুটবলও খেলেছেন। যদিও পরে বল হাতে দেখা যায়নি। এছাড়া গেল কয়েক দিন ধরে চোটের গুঞ্জন ওঠা তাসকিন আহমেদকেও এদিন বল করতে দেখা যায়নি। সবশেষ ম্যাচে ভারতের বিপক্ষেও তাকে রাখা হয়েছিল বিশ্রামে।

এদিকে রবিবার টাইগারদের নেটে দেখা গিয়েছিল এক নতুন মুখ। তবে সে খেলোয়াড় নয়, নেট বোলার। নাম তার ওয়াসি সিদ্দিক। সে একজন লেগ স্পিনার। দলের সঙ্গে আগে থেকেই স্থানীয় একটি লেগ স্পিনার রয়েছে। এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে টাইগার ব্যাটারদের প্রস্তুত করতেই তরুণ এই বোলারকে দেশ থেকে উড়িয়ে নেওয়া হয়েছে ভারতে। ধারণা করা হচ্ছে বিশ্বকাপে দলের বাকি পথটুকুর সঙ্গী হিসেবেও থাকবেন তিনি। আজ ম্যাচের আগে শেষ বারের মতো অনুশীলনে নামবে বাংলাদেশ।

ইত্তেফাক/এএইচপি