বাংলাদেশের বিপক্ষে ম্যাচেই জসপ্রিত বুমরাহকে বসিয়ে মোহাম্মদ সামিকে খেলানোর আবেদন উঠেছিল। সেদিন সেই আবেদনে সারা না দিলেও ভারতীয় টিম ম্যানেজমেন্ট গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ঠিকই একাদশে সুযোগ দেন সামিকে। আর এবারের বিশ্বকাপে প্রথম বারের মতো খেলতে নেমেই চমক দেখিয়েছেন ভারতের ৩৩ বছর বয়সি পেসার। প্রথম ম্যাচের প্রথম বলেই নিয়েছেন উইকেট।
উইল ইয়ংকে বোল্ড করার মাধ্যমে প্রথম বলের সেই প্রথম উইকেট দিয়েই একটা কীর্তি গড়েছেন সামি। বিশ্বকাপে ভারতের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় পেছনে ফেলেন কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলেকে। গতকালের আগে কুম্বলে এবং সামি, দুজনেরই বিশ্বকাপ উইকেট ছিল সমান ৩১টি করে। কাল তাই প্রথম বলেই উইকেট নিয়ে কুম্বলেকে পেছনে ফেলে দেন সামি। পরে আরো ৪ উইকেট নিয়ে সামি বনে গেছেন বিশ্বকাপে ৩৬ উইকেটের মালিক। নিউজিল্যান্ডকে ২৭৩ রানে বেধে রাখতে ১০ ওভারে ৫৪ রান খরচায় ৫ উইকেট শিকার করেছেন সামি। তাতে ৩১ থেকে পৌঁছে গেছেন ৩৬ উইকেটে।
ভারতীয়দের মধ্যে বিশ্বকাপে তার চেয়ে বেশি উইকেটের মালিক কেবল দুজন জহির খান ও জাভাগাল শ্রীনাথ। এই দুই সাবেক তারকারই বিশ্বকাপ উইকেট সংখ্যা সমান ৪৪টি করে। তবে জহির খান ২৩ ম্যাচ ও শ্রীনাথ ৩৪ ম্যাচ খেলে এই কীর্তি গড়েছেন। সেখানে সামি মাত্র ১২ ম্যাচেই পৌঁছে গেলেন ৩৬-তে। কুম্বলে ৩১ উইকেট নিয়েছেন ১৮ ম্যাচ খেলে। বিশ্বকাপে এ নিয়ে দ্বিতীয় বার ম্যাচে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন সামি।
২০১৯ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রান দিয়ে প্রথম বার ৫ উইকেট নিয়েছিলেন। সেই হিসেবে বিশ্বকাপে নিজের সেরা বোলিং কীর্তিটা সামি গড়লেন গতকালই, হঠাত্ করে সুযোগ পাওয়া ম্যাচে। ২০১৫ বিশ্বকাপে ৭ ম্যাচে ১৭ উইকেট নিয়েছিলেন সামি। ২০১৯ বিশ্বকাপে ৪ ম্যাচেই তার শিকার ছিল ১৪ উইকেট। নিজেদের ঘরের মাটির ২০২৩ বিশ্বকাপ শুরুই করলেন ৫ উইকেট নিয়ে। আর শুরুর চমকে নিশ্চিত করলেন আরো ম্যাচ খেলার বিষয়টিও। এই ফরম ধরে রাখতে পারলে সামি হয়তো এবারই জহির-শ্রীনাথকে টপকে বনে যেতে পারেন বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেটের মালিক।
