'কম্পিউটার আছে কোহলির ভেতর'

আপডেট : ২৩ অক্টোবর ২০২৩, ১৬:৫২

চলমান বিশ্বকাপে একমাত্র দল হিসাবে এখনো অপরাজিত রয়েছে স্বাগতিক ভারত। পাঁচ ম্যাচে সবকটিতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রোহিত শর্মার দল। ভারতের এই ধারাবাহিকভাবে রান তাড়ায় দলকে এগিয়ে দেওয়া বিরাট কোহলির প্রশংসায় প্রশংসায় ভাসিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার শেন ওয়াটসন।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচের পর স্টার স্পোর্টসের অনুষ্ঠানে রান তাড়ায় কোহলির এই পারদর্শিতার ভূয়সী প্রশংসা করেন ওয়াটসন। তিনি বলেন, 'সবাইকে বুঝতে হবে, রান তাড়া করা সহজ কাজ নয়। বরং কোহলি এটিকে সহজ বানিয়ে নেয়। এত দিন ধরে সে এটি করছে যে, দেখে মনে হয় খুব সহজ। এটি খুব চ্যালেঞ্জিং কারণ কার সঙ্গে ব্যাটিং করছেন, কোন বল মারবেন, কোন বলে ঝুঁকি কম নেবেন- এই সব কিছু হিসেব করে খেলতে হয়।'

তিনি আরও বলেন, 'কোহলির ভেতরে এই অভ্যন্তরীণ কম্পিউটারটা আছে। যা খুব নিখুঁতভাবে কাজ করে। সে জানে কোন সময়ে কোন কাজটা করতে হবে। বিষয়টা এমন নয় যে, নামলাম আর জিতে গেলাম। দারুণ ছন্দে থাকা অপরাজিত দলের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ, যেখানে তার কম্পিউটার নিজের কাজ করেছে। যা দেখতে দুর্দান্ত।'

ইত্তেফাক/ওএফ/জেডএইচ