ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, সর্বজনীন পেনশন স্কিম প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মহতী উদ্যোগ। সাধারণ জনগণ ও প্রবাসীদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী এ পেনশন স্কিম চালু করেছেন।
সোমবার (২৩ অক্টোবর) বিকাল ৫টার দিকে চরভদ্রাসন উপজেলা পরিষদ চত্বরে বেলুন উড়িয়ে পেনশন স্কিম রেজিষ্ট্রেশনের শুভ উদ্বধোন ঘোষণা শেষে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, চরভদ্রাসনের ইউএনও এর উদ্যোগে ও চেয়ারম্যানদের সহযোগিতায় বাংলাদেশে এই প্রথম চরভদ্রাসন উপজেলায় আনুষ্ঠানিকভাবে পেনশন স্কিম রেজিস্ট্রেশন চালু করা হলো। যার সুফল ভোগ করবে এ উপজেলার জনগণ।
নিক্সন চৌধুরী আরও বলেন, ইনশাআল্লাহ প্রধানমন্ত্রীর যে উদ্দেশ্যে এ পেনশন স্কিম চালু করেছেন সারা বাংলাদেশে এটা মডেল হিসেবে কাজ করবে। আমাদের দেশে অনেক সময় দেখা যায়, মানুষের বয়স হয়ে গেলে সে অসহায় হয়ে পড়ে। সর্বজনীন এ পেনশন স্কিম এর মাধ্যমে মানুষের এই অসহাত্ব দূর হবে।
একইদিন ঝড়ে ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪০ পরিবারের প্রত্যেককে নগদ তিন হাজার টাকা ও এক বান্ডিল করে ঢেউটিন বিতরণ করেন নিক্সন চৌধুরী।
এছাড়া কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্পের আওতায় এগ্রি-অটোমেটিক ওয়েদার স্টেশন উদ্বোধন করার পাশাপাশি উপজেলা কৃষি অফিস আয়োজিত কৃষি প্রনোদণা কর্মসূচির আওতায় ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে ১ কেজি সরিষা, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি ও গম, ভুট্রা, পেয়াজ, মসুর, খেসারী মুগ, চিনাবাদাম বীজ ও সার বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন নিক্সন চৌধুরী।
পেনশস স্কিম চালুর বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মেহেদী মোর্শেদ বলেন, ২০৪১ সালের উন্নত বাংলাদেশ নিয়ে আমাদের প্রধানমন্ত্রীর যে কল্পনা সেটাকে বাস্তবায়নের লক্ষে আমরা বদ্ধপরিকর। উন্নত বিশ্বের সব বয়সের জনগণ অর্থনৈতিন সুবিধা ভোগ করে। প্রধানমন্ত্রী দেশের বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিজীবীসহ নানা শ্রেণি পেশার মানুষের আর্থিক সুবিধা ও নিরাপত্তার জন্য এ স্কিম চালু করেছেন। চরভদ্রাসন ছোট একটি উপজেলা হলেও প্রধানমন্ত্রীর যে কোনো কাজ আমরা শতভাগ করার চেষ্টা করবো।প্রথম দিন নানা শ্রেণি পেশার প্রায় পাঁচ শতাধিক মানুষ পেনশন স্কিম রেজিষ্ট্রেশন করেছেন বলে জানান ইউএনও।
এ সময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাউছার, সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপ-পরিচালক জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মো. রফিকুল ইসলাম, থানা ওসি মো. সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জেল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, চরভদ্রাসন সদর ইউপি চেয়ারম্যান মো. আজাদ খান, হরিরামপুর ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবীর, গাজীরটেক ইউপি চেয়ারম্যান মো. ইয়াকুব আলী, ঝাউকান্দা ইউপি চেয়ারম্যান মো. বদরুজ্জামান মৃধা, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনোয়ার আলী মোল্যা, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান মোল্লা, এমপি নিক্সন চৌধুরীর একান্ত সহকারী ও সদস্য জেলা যুবলীগ একেএম খায়রুল বাসার, উপজেলা যুবলীগের সভাপতি মো. মোরাদ হোসেন, যুবলীগ, ছাত্রলীগ, অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
রাতে উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এমপি নিক্সন চৌধুরী।

