স্ট্যাটাস নিয়ে বিভ্রান্তি

আপডেট : ২৯ জুন ২০১৯, ২০:৩৮

 

আনিকা তাহসিন হাফসা

 

একদিন একটা মেয়ের পোস্টে কমেন্ট করে বিরাট ঝামেলায় পড়ে গিয়েছিলাম! পোস্টটা ছিল এরকম :I'm sry... ami jani ami kub kub kub karap, pls amk koma kore dao! তখন সদ্য ফেসবুকে টাইম ওয়েস্ট করতে শিখেছি। তাই আমিও সবার মতো কমেন্টে  বললাম, ‘কী হইছে তোমার? এনি প্রবলেম?’ কিছুক্ষণের মধ্যেই রিপ্লাই এল :koi kisu na to! রিপ্লাই দেখে আমি তো অবাক ! কিছু না হলে কেউ এমন পোস্ট দেয়? আমার আবার সমস্যা হলো, আমি একটু স্ট্রেইট ফরওয়ার্ড, মানে একটু না... অনেকটাই। তাই সোজাসুজি রিপ্লাইয়ে বলে ফেললাম, ‘যাকে বলবেন তাকে ডিরেক্ট বা ইনবক্সে বললেই তো হয়।’

অনেকক্ষণ অপেক্ষা করলাম রিপ্লাইয়ের জন্য। এরপর যখন নোটিফিকেশন থেকে দেখতে গেলাম, দেখাচ্ছে :this content is not available now. ভাবলাম, যাক, ডিলিট করেছে পোস্টটা। ওকে নিয়ে অনেক ভালো ভালো চিন্তা করতে লাগলাম, মেয়েটার মতিগতি ঠিক আছে তাহলে! মাথায় বুদ্ধিশুদ্ধি আছে নইলে এত সহজে কেউ বোঝে? মেয়েটাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য ওর আইডি খুঁজলাম, কিন্তু পেলাম না! তখন বুঝলাম... অতঃপর আমিই ব্লকড! মেয়ে হয়ে একটা মেয়ের কাছে ব্লক খাওয়া যে কী পরিমাণ লজ্জার তা কেমন করে বুঝাই!

এই ঘটনার পর বিভিন্ন ফেসবুকীয় পোস্ট নিয়ে কেমন রিয়্যাকশন দেওয়া উচিত, তা নিয়ে কিছু ধারণা বের করলাম :

v ‘ফিলিং স্যাড, লোনলি’ কারো এই টাইপ পোস্ট দেখলে মনে মনে চেঁচিয়ে কয়েকটা এরকম গালি দেবেন ‘তুই মরলে মর আবাল, তুই লোনলি স্যাড তো আমার কী!’ ভুলক্রমেও কিছু বলবেন না! কারণ বললেই ব্লক খাবেন ফর শিওর!

v কেউ ছ্যাঁকা খেয়ে হাত, পা, চোখ, কান কেটে ওটার ছবি যদি প্রোফাইল পিকচারে দেয় তো ডিরেক্ট ‘হাহা’ দিয়ে চলে আসবেন!

v দুই নম্বর পয়েন্ট অনুযায়ী আপনার ‘হাহা’ দেওয়ার পর যদি পোস্টদাতার মেসেজ আসে তাহলে মেসেজ না দেখেই তাকে ব্লক দিয়ে দেবেন। কথায় আছে না prevention is better than cure. ঘাতের আগেই প্রতিঘাত!

v বিভিন্ন পাবলিক গ্রুপে কিছু চতুষ্পদ নির্বোধ প্রাণীর কিছু পোস্ট যেমন :‘কোনো মেয়ে নাই যে সিঙ্গেল, এই বালিকা/বালক আসো প্রেম করি, কবুল কবুল কবুল যারা এটা পড়ছে তারা আমার বউ’ এরকম কোনো পোস্ট দেখলে মনে মনে নিজের জানা হাই লেভের কয়েকটা গালি দিয়ে চলে আসবেন। ভুলেও যদি কমেন্ট করে ফেলেন তাহলেই বিপদ! কারণ পৃথিবী গাধাময়! সেই গাধারা ওসব পোস্টে কমেন্ট করে আপনার প্রোফাইলে নোটিফিকেশনের ঝড় তুলতেও সক্ষম!

v স্কুলপড়ুয়া জুনিয়র কোনো বাচ্চাকাচ্চার ছ্যাঁকা খাওয়া কোন পোস্ট দেখলে ইগনোর করবেন, কারণ এদের ধারণা এরা জীবনে সিনিয়র সিটিজেনদের থেকেও বেশি অভিজ্ঞ, জীবনে বহু কষ্ট দেখে ফেলেছে (প্রত্যাশিত ফোন বা ডিএসএলআর না পাওয়া, প্রথম ভালোবাসাকে হারিয়ে শোকের বশে দ্বিতীয়, তৃতীয় রিলেশনে জড়ানো ইত্যাদি)। আপনি কিছু বলতে গেলেই ভাববে জ্ঞান দিচ্ছেন! তাই ওদের সামনে এমন ভাব নেবেন যেন আপনি মূর্খ নির্বোধ শিশু, দুনিয়ার যা ওরাই দেখে ফেলেছে। তাহলে দেখবেন ওরা এমনিতেই লজ্জা পাবে।