নির্বাচন কমিশন সাধারণ মানুষের আস্থার জায়গা: ভারতের প্রধান নির্বাচন কমিশনার

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ১৫:৩৬

ভারতের নির্বাচন কমিশন সাধারণ মানুষের আস্থার জায়গা বলে জানান দেশটির প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার। সোমবার (১৬ অক্টোবর) বিকেলে ভারত সফররত সাংবাদিক প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। 

রাজীব কুমার বলেন, ভারতীয় নির্বাচন কমিশন এখন সবার কাছে আস্থাশীল। এটি একদিনে হয়নি। দীর্ঘদিন ধরে নিজেদের প্রমাণ করতে হয়েছে। এখন মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম  হয়েছে। এ ধারাবাহিকতা ধরে রাখতে আমরা সর্বোচ্চ কাজ করছি।  

নির্বাচনের সময় কমিশন কীভাবে কাজ করে তা বিস্তারিত তুলে ধরেন রাজীব কুমার। তিনি বলেন, ভারতে নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে কাজটি করে। অনলাইনে প্রার্থী এবং ভোটাররা অনিয়ম-অভিযোগ তাৎক্ষণিক নির্বাচন কমিশনকে জানাতে পারেন। সেই অনুযায়ী ব্যবস্থা নেন কমিশন। ৫০ ভাগ ভোট সরাসরি মনিটর করা হয় ওয়েভক্যামেরার মাধ্যমে। বয়স্ক, সেলিব্রেটি এবং ট্রানজেন্ডার ভোটারের জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন।

রাজীব কুমার বলেন, ভারত, বাংলাদেশ কিংবা বিশ্বের বিভিন্ন দেশে নির্বাচন নিয়ে কারও কারও প্রশ্ন থাকতেই পারে। এসব প্রশ্নের সঠিক জবাব দেওয়া যায় স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে। নির্বাচন কমিশনকে জবাবদিহিতাও করতে হবে। 

রাজীব কুমার আরও বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে না এমন অভিযোগ নিয়ে কোনো প্রার্থী আদালতেও যেতে পারেন। কমিশনের দায়িত্ব হচ্ছে— আদালতে তাদের সিদ্ধান্তের যৌক্তিকতা তুলে ধরে অভিযোগকারী ব্যক্তিকে সন্তুষ্ট করে দেওয়া। 

তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়। এ চ্যালেঞ্জ বাস্তবায়নে স্বচ্ছতা ও দৃঢ়তার সঙ্গে কাজ করতে হয়। 

ভারতের নয়াদিল্লিতে নির্বাচন কমিশন সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার নির্বাচন গ্রহণযোগ্য হওয়ার কয়েকটি বিষয় তুলে ধরেন। এর মধ্যে ভোটার উপস্থিতির বিষয় কিংবা সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত হতে হবে এমন কোনো বিষয় নয়। কমিশন স্বচ্ছতার সঙ্গে কাজটি সম্পন্ন করতে পারলেই নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

মতবিনিময়সভায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী, বাংলাদেশস্থ ভারতীয় হাইকমিশনের প্রেস কর্মকর্তা শিলাদত্য হায়দারসহ ভারতীয় নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এএইচপি