সবশেষ ভারতের বিপক্ষের ম্যাচেই দেখা গিয়েছিল মূল একাদশ থেকে সরিয়ে বিশ্রাম দেওয়া হয়েছিল টাইগার পেসার তাসকিন আহমেদকে। পরে দক্ষিণ আফ্রিকার ম্যাচের আগে গুঞ্জন ওঠে—ইনজুরিতে রয়েছেন এই পেসার, মুম্বাইয়ের খেলায়ও তাকে দেখা যাবে না দলে। অবশেষে তাই হলো।
ম্যাচের আগে বিষয়টি নিশ্চিত করলেন অধিনায়ক সাকিব আল হাসান। সংবাদ সম্মেলনে তিনি জানান, কাঁধের সমস্যায় ভোগা এই পেসারকে নিয়ে তাড়াহুড়ো করতে চাইছে না দল। এ প্রসঙ্গে সাকিব বলেন, ‘তাসকিন এই দলের গুরুত্বপূর্ণ অংশ। তাই আমরা তাকে টুর্নামেন্ট শেষ হওয়ার আগে হারাতে চাই না। আমাদের হাতে তার জায়গা নেওয়ার মতো বিকল্পও নেই। তাই আপাতত বিশ্রাম দিয়ে শেষ চার ম্যাচে তাকে পাওয়ার আশা করছি।’
ভারতে বিশ্বকাপে এখন অবধি তিনটি ম্যাচ খেলেছেন তাসকিন। আফগানিস্তান, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঐ ম্যাচগুলোতে ৬.৩০ রান খরচ করে শিকার করেছেন দুই উইকেট।
