বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে দ্বিতীয় বারের মত অঘটন ঘটিয়েছে আফগানিস্তান। সোমবার (২৩ অক্টোবর) পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়েছে আফগানরা। ঐতিহাসিক জয়ের দিনেও আক্ষেপের কথা জানালেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি।
ম্যাচ শেষে নবি বলেন, 'আমাদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হারাটা উচিত হয়নি। জেতা উচিত ছিল সেই ম্যাচটি। কিন্তু আমরা অর্ধেক এসে গেছি টুর্নামেন্টের। আমাদের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে এবং প্রচুর পরিশ্রম করতে চাই আমরা। দর্শকরা আমাদের যেভাবে সমর্থন দিয়েছে, তারা অসাধারণ। আশা করি পুনেতেও এমন সমর্থন পাব।'
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয় প্রসঙ্গে তিনি বলেন, 'বড় একটি মুহূর্ত পুরো দলের জন্য, এমনকি পুরো আফগানিস্তানের জন্য। আমরা গত ১০-১২ বছর এই দিনটির অপেক্ষায় ছিলাম যে বড় মঞ্চে পাকিস্তানকে হারাব। আমরা শেষ তিন মাস অনেক পরিশ্রম করেছি আজকের এই সুন্দর দিনটির জন্য। আমরা প্রথমে ইংল্যান্ড ও আজ পাকিস্তানকে হারালাম। আমাদের সবাই খুব ভালো ফর্মে আছে। আমরা দেখিয়ে দিয়েছি, আমরা লক্ষ্য তাড়া করেও জিততে পারি।'
