বিদেশে পড়াশোনার স্বপ্ন পূরণ হলো না ট্রেন দুর্ঘটনায় নিহত আফজালের

আপডেট : ২৪ অক্টোবর ২০২৩, ২১:১৯

কিশোরগঞ্জের ভৈরবে দুই ট্রেনের সংঘর্ষে ঝরে গেছে অনেক প্রাণ। সোমবার (২৩ অক্টোবর) দুর্ঘটনায় নিভে গেছে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আফজাল হোসাইনের জীবন প্রদীপ, অপূর্ণ থেকে গেছে উচ্চশিক্ষার স্বপ্ন।

ভৈরব উপজেলার আধানগর ইউনিয়নের রাধানগর গ্রামের কৃষক মান্নান মিয়ার ছেলে আফজাল হোসাইন। চার ভাইয়ের মধ্যে সে ছিল দ্বিতীয়। এক মাস আগে নিহত আফজালের প্রবাসী বড় ভাই সাদ্দাম হোসেন সৌদি আরব থেকে দেশে আসেন। সোমবার রাতে বড় ভাই সাদ্দামের সৌদি যাওয়ার কথা ছিল। দুর্ঘটনার দিন দুপুরে বড় ভাইকে সঙ্গে নিয়ে এগারসিন্দুর ট্রেনে করে বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন আফজাল। কিন্তু ট্রেন ছাড়ার কয়েক মিনিটের মধ্যেই আরেকটি মালবাহী ট্রেন এসে এগারসিন্ধুর ট্রেনের পেছনের দুটি বগিতে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যায় আফজাল।

নিহতের পরিবার জানায়, আফজাল ঢাকা কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর আইএলটিএস প্রস্তুতি নিচ্ছিলেন আফজাল।ছোটবেলা থেকেই সে মেধাবী ছাত্র ছিল। তার পরিকল্পনা ছিল উচ্চশিক্ষার জনয লন্ডনে যাওয়া। সে অনুযায়ীই প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

এখন আফজালকে হারিয়ে তার স্বপ্নের কথা বলেই হাহাকার করছে পরিবার পরিজন। পরিবারের লোকজনের আক্ষেপ, রেল ব্যবস্থাপনায় নিয়ম জোরদার থাকলে আফজাল সহ বাকিরা এভাবে মারা যেত না।

ইত্তেফাক/পিও