দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, গুলিবিদ্ধসহ আহত ২০

আপডেট : ২৫ অক্টোবর ২০২৩, ২১:৪২

দিরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুলাল মিয়া (৩৭) নামের ১ জন নিহত ও উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। 

বুধবার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার পুকিডর গ্রামে একই গ্রামের লন্ডন প্রবাসী আরজু খান ও তার চাচাতো ভাই হোসেন খানের পক্ষের লোকজনের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

জানা যায়, গ্রামের লন্ডন প্রবাসী আরজু খান ও তার চাচাতো ভাই হোসেন খানের মধ্যে দীর্ঘদিন ধরে জমি ও পারিবারিক দ্বন্দ্ব চলে আসছে। বিভিন্ন সময়ে হামলা-মামলার ঘটনা ঘটেছে। এরই জেরে বুধবার সকাল ১১টার দিকে সংঘর্ষে জড়ালে হোসেন খানের পক্ষের লোকজনের বন্দুকের গুলিতে আরজু খানের পক্ষের আলিমুদ্দিনের ছেলে দুলাল খান (৩৭) ঘটনাস্থলেই নিহত হয়। সংঘর্ষে অন্তত আরও ২০ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে আলিমুদ্দিনের ছেলে গোল আহমদ (৪৫) ও মিলাদ খান (২০), আব্দুল মনাফের ছেলে রূপ উদ্দিন (৪২) কে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

দিরাই থানার ওসি কাজী মোক্তাদির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জে পাঠিয়েছে।

ইত্তেফাক/পিও