ঢাকার মঞ্চে আনিকা ও নোবেলের সাথে আঙ্কিত-সানা

আপডেট : ২৯ জুন ২০১৯, ২১:০২

 

ঢাকার মঞ্চ মাতাতে এবার হাজির হবেন বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকজন জনপ্রিয় সংগীতশিল্পী। বাংলাদেশ থেকে ভারতীয় চ্যানেল জি-বাংলার ‘সা রে গা মা পা’-এর তারকা বাংলাদেশের গায়ক মাঈনুল আহসান নোবেল এবং বর্তমান সময়ের আরেক জনপ্রিয় শিল্পী তাসনিম আনিকা গাইবেন এ অনুষ্ঠানে। অন্যদিকে ভারত থেকে প্রথমবারের মতো রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রী হলে মঞ্চ মাতাতে আসছেন ‘আশিকি ২’ ছবির ‘শুন রাহা হ্যায়’ খ্যাত শিল্পী অঙ্কিত তিওয়ারি। বলিউডের বিভিন্ন ছবিতে তাঁর গাওয়া ‘গালিয়া’, ‘কাতরা কাতরা’, ‘তু হে কে নেহি’, ‘বুন্দ বুন্দ’সহ অনেক হিট গান রয়েছে। এছাড়াও থাকবেন বিগ বস খ্যাত সানা খান। আগামী ১৯ জুলাই একটি জমকালো মিউজিক্যাল ইভেন্টের যৌথভাবে আয়োজন করছে এটিএন ইভেন্টস ও সানগ্লো এন্টারটেইমেন্ট। গতকাল এ অনুষ্ঠান উপলক্ষে এফডিসির ৮নং ফ্লোরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা মীর মোতাহার হাসান, এটিএন ইভেন্টসের ডিরেক্টর মাসুদুর রহমান, সানগ্লো এন্টারটেইনমেন্টের ডিরেক্টর (ইভেন্টস) মির্জা সাজিদ ও এই কোম্পানির হেড অব অপারেশন আনিসুর রহমান। মীর মোতাহার হাসান বলেন, ‘দুই দেশের শিল্পীদের নিয়ে এই অনুষ্ঠান সফল হবে বলে আশা করছি।’ অন্যদিকে মাসুদুর রহমান বলেন, ‘বেশ কয়েকটি অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করতে যাচ্ছি আমরা। এরমধ্যে অঙ্কিত তিওয়ারি, সানা খান, নোবেল ও আনিকা থাকবেন আগামী ১৯ জুলাইয়ের অনুষ্ঠানে।’