এবারের বিশ্বকাপে ইংল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশের করুণ পরিণতির কারণটা কী? উত্তরটা পরিষ্কার- ব্যাটিং ব্যর্থতা। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাতেই সেটা স্পষ্ট। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষ ১০-এ এই ৩ দেশের কেউ নেই। এই তিন দেশের ব্যাটসম্যানদের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সবার ওপরে শ্রীলঙ্কার সাদিরা সামারাবিক্রমা। ৪ ম্যাচে ২৩০ রান করে তার অবস্থান ১২ নম্বরে! বাংলাদেশের মাহমুদউল্লাহ আছেন ১৬ নম্বরে। চার ম্যাচের তিন ইনিংসে তিনি করেছেন একটি সেঞ্চুরিসহ ১৯৮ রান। ইংলিশদের হয়ে সবার ওপরে ওপেনার ডেভিড মালান। চার ম্যাচের চার ইনিংসেই ব্যাট করে ১৯২ রান করা মালান আছেন মাহমুদউল্লাহর ঠিক পরেই, ১৭ নম্বরে।
আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বেঙ্গালুরুর যুদ্ধটা যেহেতু শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের, সুতরাং এই দুই দলের দুই সর্বোচ্চ রান সংগ্রাহককে নিয়েই এই প্রতিবেদন। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আজও ব্যাট হাতে নায়ক হয়ে উঠতে পারেন তারাই। এমনিতে দুজনের মধ্যে মিলের চেয়ে পার্থক্যই বেশি। সামারাবিক্রমা মিডল অর্ডার ব্যাটসম্যান, ব্যাট করে থাকেন ডান হাতে। বিপরীতে ডেভিড মালান ওপেনার, ব্যাট করেন বাম হাতে। তবে দুজনেই নিজ নিজ দলের ভরসার ঠিকানা। ২৭ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে মোট ৮৪৫ রান করেছেন সামারাবিক্রমা। সেঞ্চুরি করেছেন একটি। সেটি এই বিশ্বকাপেই।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচে ২৩ রান করা সামারাবিক্রমা পাকিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচেই তুলে নেন সেঞ্চুরি। খেলেন ১০৮ রানের ইনিংস। কিন্তু তার সেই সেঞ্চুরি ভেস্তে যায় ৩৪৪ রানের পুঁজি গড়েও দল হেরে যাওয়ায়। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচে মাত্র ৮ রান করে আউট হলেও নেদারল্যান্ডসের বিপক্ষে সর্বশেষ ম্যাচে অপরাজিত ৯১ রানের ইনিংস খেলেন সামারাবিক্রমা। শ্রীলঙ্কাও পায় টুর্নামেন্টে প্রথম জয়ের স্বাদ, জেতে ৫ উইকেটে।
ওভার অল পরিসংখ্যানে ডেভিড মালান এগিয়ে। মাত্র ২৫ ম্যাচেই তিনি করেছেন ১২৪৮ রান। সেঞ্চুরি করেছেন চারটি। এর একটি সেঞ্চুরি তিনি করেছেন এবারের বিশ্বকাপে। বাংলাদেশের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে মালান খেলেন ১০৭ বলে ১৪০ রানের ঝোড়ো ইনিংস, যা তার ক্যারিয়ার-সেরা। তবে ব্যাট হাতে পরের দুই ম্যাচে সফল হননি। আফগানিস্তানের বিপক্ষে ৩২ রান করার পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ম্যাচে মালান আউট হন মাত্র ৬ রান করে। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে খেলেছিলেন ১৪ রানের ইনিংস।
সামারাবিক্রমা ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ খেলে করেছেন ৯৪ রান। বিপরীতে মালান শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে খেলতে নামছেন আজই প্রথম। তো দুজনের লড়াইয়ে কে জেতেন, সেটাই দেখার।
