সুনামগঞ্জের দিরাই উপজেলায় পৃথক পৃথক সংঘর্ষ থেকে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। সংঘর্ষে যুক্ত থাকার অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের অভিযানে ২টি পাইপ গান, ৫টি কার্তুজের খোসা, ২টি কিরিছ, ১টি হকিস্টিক, কয়েকটি ঢাল, ভাঙা ইট, বোতলসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃত ২ জন হলেন জগন্নাথপুর উপজেলার চিলাউড়া গ্রামের মুক্তার মিয়ার ছেলে জানু মিয়া (২৮) এবং ময়না খার ছেলে সাবাজ খা (৪০)।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় দিরাই থানা পুলিশ।
দিরাই থানার ওসি মো. কাজী মোক্তাদির হোসেন জানান, বুধবার (২৫ অক্টোবরর) দিরাই উপজেলার জগদল ইউনিয়নের পুকিডহর গ্রামে দুই চাচাতো ভাই লন্ডন প্রবাসী আরজু খান ও সাজু খানের ভেতর জমি বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। এ ঘটনায় আলিমুদ্দিন খানের ছেলে দুলাল খান (৩৭) গুলিবিদ্ধ হয়ে মারা যায়। আহত হয় ২০ জন। পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ১টি দেশীয় পাইপগান, ২টি কার্তুজের খোসা, ২টি কিরিজ উদ্ধার করে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে জানু মিয়া ও সাবাজ খাকে আটক করে।
এদিকে ২৪ অক্টোবর উপজেলার কুলঞ্জ ইউনিয়নের রাড়ইল গ্রামের সংঘর্ষে পাইপগান, কার্তুজসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
