পুনেতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বল করতে গিয়ে পায়ের গোড়ালিতে চোট পান ভারতের পেস অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। এরপর থেকেই মাঠের বাহিরে তিনি। ধারণা করা হচ্ছিল আগামী রবিবার ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরবেন পান্ডিয়া তবে তাও হচ্ছে না।
তার চোট নিয়ে বিসিসিআই এক প্রতিবেদনে জানিয়েছে, ‘হার্দিকের গোড়ালিতে গ্রেড-১ লিগামেন্ট টিয়ার হয়েছে। তাকে নিয়ে টিম ম্যানেজমেন্ট কোনোরকম তাড়াহুড়ো করতে চায় না।’ বর্তমানে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে হার্দিক পান্ডিয়া নিতিন প্যাটেলের অধীন মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছে।
প্রথমে তার চোটটি যেমন মনে হয়েছিল, তার থেকে এখন চোটের অবস্থা গুরুতর মনে হচ্ছে। সম্ভবত তার একটি লিগামেন্ট ছিঁড়ে গেছে। যা সেরে উঠতে কমপক্ষে দু’সপ্তাহ সময় লাগবে। মেডিক্যাল টিম তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। এখনই তার বদলি হিসেবে দলে কাউকে নিতে চায় না টিম ম্যানেজমেন্ট।
