২৮ অক্টোবর (শনিবার) রাজধানীতে মহাসমাবেশ ডেকেছে বিএনপি। একই দিন বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ ডেকেছে আওয়ামী লীগ। এতে করে শনিবার গণপরিবহন চলাচল নিয়ে শঙ্কায় রয়েছেন যাত্রীরা। এমন অবস্থায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জানিয়েছে, ২৮ অক্টোবর বাস চলাচল করবে কিনা তা নির্ভর করবে পরিস্থিতির ওপর।
পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ শুক্রবার রাতে (২৭ অক্টোবর) একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে। তিনি আরও বলেন, ‘২৮ অক্টোবর নিয়ে এখন পর্যন্ত আমরা রাজধানীতে বাস চলাচল বন্ধের কোনো নির্দেশনা দেইনি।’
এদিকে শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশের কারণে যশোর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে যশোর জেলা পরিবহন সংস্থা শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল আলম মিন্টু।
অন্যদিকে শুক্রবার (২৭ অক্টোবর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সব ধরনের যাত্রীবাহী বাস বন্ধ রয়েছে। রাস্তায় বাস ভাঙচুর, অগ্নিসংযোগ ও যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে ঢাকা-ময়মনসিংহ রুটে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন মালিক সমিতির নেতা ও শ্রমিকরা। পরিবহন নেতাদের দাবি, নিরাপত্তার অভাবে চালকরাই বাস বন্ধ রেখেছেন।
বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ এবং পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি পেয়েছে বিএনপি। তবে সমাবেশ করার জন্য দুই দলকেই ২০টি শর্ত জুড়ে দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২৭ অক্টোবর) রাতে ডিএমপির সদরদপ্তরে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার।
এর আগে বিভিন্ন সময় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির সমাবেশের আগে বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছে পরিবহন মালিক সমিতি।
