বাংলাদেশকে নিয়ে ভাবছে না ডাচরা

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, ১২:৩৪

প্রায় এক যুগ পর ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছে নেদারল্যান্ডস। এর আগে সব শেষ ২০১১ সালে অনুষ্ঠিত হওয়া আসরটিতে খেলেছিল দলটি। দুই বিশ্বকাপ পর এবার আসরে ফিরে এখন পর্যন্ত খেলা নিজেদের পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই হেরেছে ডাচরা। তবে চমক দেখিয়ে দিয়েছে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়ে। 

যদিও-বা পরে সেই ছন্দ ধরে রাখতে পারেনি তারা। এবার তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে আজ বেলা আড়াইটায় মুখোমুখি হবে এই দুই দল। এই ম্যাচে মাঠের লড়াইয়ে নামার আগে সংবাদ সম্মেলনে এসে ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস জানিয়ে দিলেন সাকিব আল হাসানদের নিয়ে ভাবছে না তারা, তাদের নজর শুধু জয়ের দিকে।

নিজেদের তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর ডাচরা আসরে ‘জায়ান কিলার’ রূপে এগুতে শুরু করে। তবে পরের ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেটে হেরে বসে। আর সবশেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমে তো রেকর্ড ব্যবধানে পরাজয়ের তিক্ত স্বাদ নিয়েছেন তারা। তবে এতে ভেঙে পড়ছেন না তারা। নজর তাদের জয়ের দিকেই। কলকাতায় বাংলাদেশকে হারাতেই নামবে তারা। 

এমনটি জানিয়ে ডাচ অধিনায়ক বলেন, ‘আমরা সব ম্যাচ জেতার লক্ষ্য নিয়েই নামছি। পরের পর্বে যেতে হলে হাতে রয়েছে এই খেলাসহ চারটে ম্যাচ। তাই এই ম্যাচটি নিশ্চিতভাবেই বড় খেলা আমাদের কাছে। বিশ্বকাপে আমরা যেভাবে পারফর্ম করছি, তাতে চমকে দেওয়ার মতো কিছু আছে বলে মনে হচ্ছে না। এই টিমের মধ্যে ভালো কিছু করার সামর্থ্য রয়েছে। তবে শেষ ম্যাচে আমরা ব্যাট হাতে কিছুই করতে পারিনি। এই ম্যাচে আমাদের সেরাটাই দিতে হবে।’

এদিকে কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে টাইগাররা যে প্রচুর পরিমাণে সমর্থন পাবেন তা আগে থেকেই বলা যায়। ধরতে গেলে এটি সাকিবদের হোম ভেন্যুর অনুভূতিও দিতে পারে। ইতিমধ্যে আজকের ম্যাচটিতে দলকে সমর্থন দিতে অনেক সমর্থক শহরটিতে অবস্থান করছে। এতে বোঝা যায়, এই মাঠে ফেভারিট হিসেবে নামবে বাংলাদেশই। তবে তা নিয়ে ভাবছে না ডাচরা। অধিনায়ক বলেন, ‘আমরা বেশি দর্শকের সামনে খেলতে পছন্দ করি। ছেলেরাও মুখিয়ে আছে। কালকের দর্শকরা ভারত নাকি বাংলাদেশ থেকে আসছেন, তা আমরা জানি না। আমরা তাদের সামনে ভালো পারফরম্যান্স দেখাতে চাই।’

অন্যদিকে বর্তমান নেদারল্যান্ডসের হেড কোচ রায়ান কুক। নামটি বাংলাদেশের কাছে বেশ পরিচিত। কারণ এই দক্ষিণ আফ্রিকান ২০১৮ সালের জুলাই থেকে ২০২১ সালের নভেম্বর পর্যন্ত ছিলেন বাংলাদেশের ফিল্ডিং কোচ। সাবেক শিষ্যদের মুখোমুখি হওয়ার আগে তিনি তথ্য দিচ্ছেন বর্তমান দলকে, এমনটিই জানিয়েছেন স্কট এডওয়ার্ডস। 

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সে বাংলাদেশের কোচ ছিল, অবশ্যই এটি আমাদের অনেক সাহায্য করেছে। বিশেষ করে বিশ্লেষণের দিক থেকে। তিনি অবশ্যই বাংলাদেশ দলের হয়ে এবং ক্রিকেটারদের সঙ্গে ব্যক্তিগতভাবেও লম্বা সময় কাজ করেছে। তো তিনি (বাংলাদেশের ক্রিকেটারদের ব্যাপারে) যা জানেন আমাদের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন। তবে অনেক খেলোয়াড় নতুন। অনেক পরিবর্তন এসেছে দলে। তো তার কাছ থেকে আমরা যা কিছু সম্ভব তথ্য নেব এবং সেগুলো মাঠে প্রয়োগের চেষ্টা করব। তবে হ্যাঁ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, মাঠে নিজেদের স্কিল দেখানো নিশ্চিত করা।’

ইত্তেফাক/জেডএইচ