সরকারের পতন ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবিতে শনিবার রাজধানীর আরামবাগের নটরডেম কলেজের সামনের জড়ো হয়েছে হাজার হাজার জামায়াত-শিবির নেতা-কর্মী। যদিও এখনো পর্যন্ত মহাসমাবেশ করার অনুমতি দেয়নি পুলিশ।
পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল ১০টার দিকে তারা শাপলা চত্বরে জড়ো হওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ তাদের নটরডেম কলেজ ফুটওভার ব্রিজের সামনে আটকে দেয়। তবে কোনো পক্ষই মারমুখী আচরণ করেনি। বেশ শান্তিপূর্ণভাবেই মূল সড়ক থেকে সরিয়ে দেওয়া হয় জামায়াতের নেতা-কর্মীদের।
জামায়াতের নেতা-কর্মীরা জানান, দলের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন- সমাবেশের বিষয়ে তাদের মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। এখন আনুষ্ঠানিক অনুমতি পেলে সমাবেশস্থলে প্রবেশ করবেন তারা।
মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হায়াতুল ইসলাম খান বলেন, আমরা জানতে পেরেছি মতিঝিলে অনুমতি ছাড়াই জামায়াতে ইসলামী শোডাউন কিংবা বিক্ষোভ করতে পারে। ডিএমপির পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়নি বিষয়টি জানানোর পরও জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, যেকোনো মূল্যে তারা সমাবেশ করবে। মতিঝিল বাণিজ্যিক এলাকা। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখা জান-মালের নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। পুরো এলাকায় তল্লাশি চৌকি, টহল জোরদার করা হয়েছে।
